শিশু খেতে চাইছে না কিংবা কান্না থামছে না। এমন পরিস্থিতিতে অনেক অভিভাবক সহজ সমাধান হিসেবে তার হাতে তুলে দেন স্মার্টফোন। কখনো কার্টুন, কখনো ইউটিউবের ভিডিও কিংবা রঙিন গেম দেখিয়ে শিশুকে ব্যস্ত রাখা হয়। সাময়িকভাবে এতে সুবিধা হলেও নিয়মিত এমন অভ্যাস শিশুর চোখ, ঘুম ও স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ছোটবেলা থেকেই অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের অভ্যাস গড়ে উঠলে শিশুদের চোখে ক্লান্তি, শুষ্কতা এবং ঝাপসা দেখার মতো সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি দীর্ঘ সময় কাছের পর্দায় তাকিয়ে থাকা এবং বাইরে খেলাধুলার সুযোগ কমে যাওয়ার সঙ দূরের দৃষ্টিশক্তি কমার ঝুঁকিরও সম্পর্ক পাওয়া গেছে।তাই শিশুকে শান্ত রাখা কিংবা খাবার খাওয়ানোর জন্য নিয়মিত স্মার্টফোন ব্যবহার কতটা নিরাপদ, তা নিয়ে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।
দীর্ঘ সময় মোবাইল দেখলে চোখে কী হয়?
আমেরিকান অ্যাকাডেমি অব অফথ্যালমোলজির তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ডিজিটাল পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখের স্বাভাবিক পলক ফেলার হার কমে যেতে পারে। এতে চোখের আর্দ্রতা কমে শুষ্কতা ও অস্বস্তি তৈরি হয়।
বিশেষ করে একটানা স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করলে চোখে জ্বালাপোড়া, চুলকানি, ঝাপসা দেখা এবং মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে।ছোট শিশুরা অনেক সময় নিজেদের অস্বস্তির কথা স্পষ্টভাবে বলতে পারে না। তাই চোখ কচলানো, বারবার পলক ফেলা কিংবা পর্দার খুব কাছে গিয়ে দেখার মতো আচরণ অভিভাবকদের খেয়াল রাখা প্রয়োজন।
বাড়তে পারে দূরের দৃষ্টিশক্তি কমার ঝুঁকি
শিশুদের চোখের একটি পরিচিত সমস্যা হলো মায়োপিয়া। এ অবস্থায় কাছের বস্তু পরিষ্কার দেখা গেলেও দূরের বস্তু ঝাপসা লাগে। ২০২৫ সালে চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘জামা নেটওয়ার্ক ওপেন’-এ প্রকাশিত একটি গবেষণা পর্যালোচনায় ডিজিটাল স্ক্রিন ব্যবহারের সাথে মায়োপিয়ার সম্পর্ক পাওয়া যায়।
গবেষণায় দেখা গেছে, প্রতিদিন স্ক্রিন ব্যবহারের সময় অতিরিক্ত এক ঘণ্টা হওয়ার সাথে মায়োপিয়ার সম্ভাবনা প্রায় ২১ শতাংশ বেশি থাকার সম্পর্ক রয়েছে।তবে গবেষকেরা বলেননি যে শুধু স্মার্টফোন ব্যবহারের কারণেই মায়োপিয়া হয়। দীর্ঘ সময় কাছের বস্তুতে মনোযোগ দেওয়া, বাইরে কম সময় কাটানো এবং বংশগত কারণও এ সমস্যার সাথে সম্পর্কিত।
খেলাধুলার বদলে মোবাইল কেন উদ্বেগের?
শিশুর স্বাভাবিক বেড়ে ওঠার জন্য খেলাধুলা ও শারীরিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে অনেক শিশু ঘরের বাইরে খেলাধুলার সুযোগ কম পাচ্ছে।
গবেষণায় দেখা গেছে, বাইরে পর্যাপ্ত সময় কাটানো শিশুদের মায়োপিয়ার ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। এ ছাড়া খেলাধুলা শিশুর শারীরিক সক্ষমতা, সামাজিক যোগাযোগ এবং বিভিন্ন দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্যদিকে ছোট শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের সাথে ভাষা শেখা, ঘুম ও মনোযোগসংক্রান্ত কিছু সমস্যার সম্পর্ক পাওয়া গেছে। তবে এসব সমস্যার পেছনে পারিবারিক পরিবেশসহ আরও নানা কারণ থাকতে পারে।
কোন বয়সে কতক্ষণ মোবাইল ব্যবহার করা উচিত?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিশুদের বয়স অনুযায়ী স্ক্রিন ব্যবহারের সময়সীমা সম্পর্কে নির্দেশনা দিয়েছে।
সংস্থাটির ২০১৯ সালের নির্দেশিকা অনুযায়ী, এক বছরের কম বয়সী শিশুদের জন্য স্ক্রিনভিত্তিক বসে থাকার সময় সুপারিশ করা হয়নি। এক বছর বয়সী শিশুদের ক্ষেত্রেও স্ক্রিন দেখা নিরুৎসাহিত করা হয়েছে।
দুই বছর বয়সী শিশুদের জন্য দিনে সর্বোচ্চ এক ঘণ্টা স্ক্রিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এর চেয়ে কম সময় ব্যবহার করাই ভালো।একইভাবে তিন থেকে চার বছর বয়সী শিশুদের ক্ষেত্রেও দিনে এক ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার না করার নির্দেশনা রয়েছে।
আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের বয়সভিত্তিক পরামর্শেও ছোট শিশুদের স্ক্রিন ব্যবহারে সীমাবদ্ধতা এবং অভিভাবকের তত্ত্বাবধানে মানসম্মত কনটেন্ট দেখানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
খাওয়ানোর সময় মোবাইল দেওয়া কি ঠিক?
অনেক অভিভাবক শিশুকে দ্রুত খাবার খাওয়ানোর জন্য কার্টুন বা ভিডিও চালিয়ে দেন। এতে শিশু খাবারের পরিবর্তে পর্দার দিকে বেশি মনোযোগী হয়ে পড়তে পারে।
নিয়মিত এমন অভ্যাসের কারণে শিশুর ক্ষুধা, পেট ভরে যাওয়ার অনুভূতি এবং খাবারের প্রতি মনোযোগ দেওয়ার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
তাই খাবার খাওয়ানোর সময় মোবাইলের পরিবর্তে শিশুর সাথে কথা বলা, খাবারের রং ও স্বাদ সম্পর্কে পরিচয় করানো এবং আনন্দময় পরিবেশ তৈরি করা ভালো।
একইভাবে শিশু কান্না করলেই ফোন না দিয়ে প্রথমে তার কান্নার কারণ বোঝার চেষ্টা করা উচিত। ক্ষুধা, ঘুম, অস্বস্তি কিংবা মনোযোগের প্রয়োজন থেকেও শিশু কাঁদতে পারে।
শিশুর চোখ ভালো রাখতে যা করবেন
শিশুর চোখের সুরক্ষা ও স্বাভাবিক বিকাশের জন্য অভিভাবকদের কিছু অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
- স্ক্রিন ব্যবহারের সময় কমান: শিশুর বয়স অনুযায়ী মোবাইল ও অন্যান্য ডিজিটাল পর্দার ব্যবহার সীমিত রাখুন।
- নিয়মিত বিরতি দিন: বড় শিশুরা স্ক্রিন ব্যবহার করলে প্রতি ২০ মিনিট পর অন্তত ২০ সেকেন্ডের জন্য প্রায় ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে তাকানোর অভ্যাস করতে পারে।
- চোখ থেকে দূরত্ব বজায় রাখুন: মোবাইল চোখের খুব কাছে ধরে দেখতে দেবেন না। বয়স উপযোগী ক্ষেত্রে পর্যাপ্ত দূরত্বে বড় পর্দা ব্যবহার করা তুলনামূলক আরামদায়ক হতে পারে।
- বাইরে খেলাধুলায় উৎসাহ দিন: প্রতিদিন শিশুকে বয়স উপযোগী খেলাধুলা ও শারীরিক কার্যক্রমের সুযোগ দিন।
- ঘুমের আগে ফোন বন্ধ রাখুন: ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে স্ক্রিন ব্যবহার বন্ধ রাখার চেষ্টা করুন।
- খাবারের সময় ফোন এড়িয়ে চলুন: শিশুকে মোবাইল দেখিয়ে খাওয়ানোর পরিবর্তে খাবারের প্রতি মনোযোগী করে তুলুন।
কখন চক্ষুবিশেষজ্ঞের কাছে যাবেন?
শিশুর চোখে অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়। বিশেষ করে শিশু বারবার চোখ কচলালে, দূরের লেখা দেখতে অসুবিধা হলে কিংবা বই ও মোবাইল চোখের খুব কাছে ধরে দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
এ ছাড়া ঘন ঘন মাথাব্যথা, চোখ ট্যারা হয়ে যাওয়া বা বারবার চোখ কুঁচকে তাকানোর মতো লক্ষণ দেখা দিলেও চক্ষু পরীক্ষা করানো উচিত।
মনে রাখতে হবে, শিশুর সুস্থ বেড়ে ওঠার জন্য প্রযুক্তির ব্যবহার পুরোপুরি বন্ধ করার চেয়ে বয়স ও প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ।
স্মার্টফোন সাময়িকভাবে শিশুকে শান্ত রাখতে পারলেও তা যেন খেলাধুলা, পর্যাপ্ত ঘুম, পরিবারের সাথ সময় কাটানো এবং স্বাভাবিক শেখার সুযোগের বিকল্প হয়ে না দাঁড়ায়।


