ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি ধানখেত থেকে গ্যাসভর্তি বেলুনের সঙ্গে বাঁধা বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের নাম ও প্রতীকসংবলিত একটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণপুর থানার আওতাধীন লেটেকুজান গ্রামে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নাওয়ের প্রতিবেদনে বলা হয়, সকালে গবাদিপশু চরানোর সময় স্থানীয় এক কিশোর বেলুনগুলো দেখতে পায়। পরে বেলুনগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সে সেগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়।
ফ্লেক্সে ছাপানো ব্যানারটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাবার্তা ছিল। এতে বিএনপির নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিও রয়েছে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়। নর্থইস্ট নাওয়ের প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় একই ধরনের বেলুন ও দলীয় ব্যানার ওড়াতে দেখা গেছে।
গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল লেটেকুজান গ্রামে গিয়ে বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয়।
বেলুনগুলো কোথা থেকে এসেছে এবং কীভাবে সেগুলো ভারতের ওই গ্রামে পৌঁছেছে, তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


