শিল্পাঞ্চল আশুলিয়ায় টানা কয়েকদিনের উত্তেজনা ও আন্দোলনের পর আবারও কর্মচঞ্চল পরিবেশে ফিরেছে আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো। মজুরি বৃদ্ধির দাবিতে টানা ছয় দিন আন্দোলনের পর সাপ্তাহিক ও সাধারণ ছুটি শেষে সকাল থেকেই অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রমে যোগ দেন শ্রমিকরা।
রবিবার (৮ নভেম্বর) সকালে আশুলিয়া বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। কারখানার ভেতরে মেশিন সচল রয়েছে । সেই সাথে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে।
পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।
এদিকে শিল্প এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলেও আশুলিয়ার কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ থাকার খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, মেডলার, দি রোজ, এনবয়, নীটএশিয়া এবং এস২১-সহ কয়েকটি কারখানায় এদিন কাজ বন্ধ রয়েছে। শ্রমিকদের কাজে ফেরাতে শ্রমিক প্রতিনিধিদের সাথে কথা বলছেন কারখানা কর্তৃপক্ষ। সার্বিক দিক বিবেচনা করে কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কারখানার কতৃপক্ষ ।
আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম জানান, সামগ্রিকভাবে শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক।
শ্রমিকরা সরকারের নির্দেশনা ও পুলিশের সাথে আলোচনা মেনে শান্তিশৃঙ্খলা বজায় রেখে কাজে ফিরেছেন। শত শত কারখানার মধ্যে হাতে গোনা দু-একটি কারখানা বন্ধ বা কর্মবিরতি থাকতে পারে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে।
চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা রেঞ্জ, ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মজুরী বোর্ড গঠন করা হয়ে। বর্তমান যারা আন্দোলন করছে তারা মূলত কেউ শ্রমিক নয়। এরা হচ্ছে বহিরাগত ফ্যাসিষ্ট। যারা শিল্পকে ধ্বংস করতে চাই এবং দেশকে অস্থিতিশীল করতে চাই পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে। সাভার আশুলিয়ায় প্রায় বিশটি মামলা হয়েছে এবং শতাধিক গ্রেফতার আছে এদের মধ্যে কেউ শ্রমিক নন।
এসময় তিনি সকল শ্রমিক ভাই বোনদের কাজে যোগদানের আহ্বান করেন।


