...|...|...

খেলা

আল নাসরের স্কোয়াড থেকে ছিটকে গেলেন রোনালদো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০৫
Shares
আল নাসরের স্কোয়াড থেকে ছিটকে গেলেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে উজবেকিস্তানের তাশখন্দে গেছে আল নাসর। তবে দলের সাথে সফরে যাননি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নিরাপত্তা উদ্বেগের কারণে তাকে সফরের স্কোয়াডে রাখা হয়নি। স্বাগতিক ক্লাব পাকতাকোরের বিপক্ষে রোনালদোকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে আল নাসরকে।

সোমবার (২ নভেম্বর) রাজধানী তাসখন্দে পাকতাকোরের বিপক্ষে মাঠে নামবে দলটি। রোনালদো ছাড়াও এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি কিংসলে কোমান ও মোহামেদ সিমাকানকে। কোচ আঙ্গে পোস্তেকোগলু জানিয়েছেন, ম্যাচের চাপ এবং দীর্ঘ ভ্রমণের ক্লান্তি বিবেচনায় এই তিন ফুটবলারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাশঙ্কার কারণেই রোনালদোকে তাশখন্দে নেওয়া হয়নি।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে ফুটবলেও। গত সপ্তাহে আল নাসরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে সৌদি আরবের রাজধানী রিয়াদে যেতে অস্বীকৃতি জানায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল। পরে ম্যাচটি স্থগিত করে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি।

এর আগে গত ১২ অক্টোবর রিয়াদে আল নাসরের একটি ম্যাচও ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়ার পর এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি আগামী বছরের এশিয়ান কাপ আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছে। আগামী ৭ জানুয়ারি দেশটিতে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুয়েনাসা মিয়ামোতো। তার মতে, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে টুর্নামেন্ট আয়োজন সহজ হবে না। তবে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা জানিয়েছেন, নভেম্বরের শেষ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজনে টুর্নামেন্ট এক বছর পিছিয়ে ২০২৮ সালে আয়োজনের সুযোগও রয়েছে।

এদিকে এএফসি চ্যাম্পিয়নস লিগের পশ্চিম অঞ্চলের পয়েন্ট তালিকায় খুব একটা ভালো অবস্থানে নেই আল নাসর। পাঁচ সৌদি ক্লাবের মধ্যে দলটির অবস্থান নবম। প্রথম এশিয়ান শিরোপা জয়ের লক্ষ্যে থাকা ক্লাবটির জন্য তাই পাকতাকোরের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ।

গত বৃহস্পতিবার আল খুলুদের বিপক্ষে হ্যাটট্রিক করে ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন রোনালদো। তার গোলসংখ্যা এখন ৯৮৫। তবে দলের হয়ে আরেকটি ম্যাচে মাঠে নামার সুযোগ না পেয়ে আপাতত রিয়াদেই থাকতে হচ্ছে পর্তুগিজ তারকাকে।