...|...|...

রাজশাহী

আল্লামা সাঈদী ও সালাউদ্দিন কাদেরকে বিচারের নামে হত্যা করা হয়েছে: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, রাত ৯:৪১ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, রাত ৯:৫১
Shares
আল্লামা সাঈদী ও সালাউদ্দিন কাদেরকে বিচারের নামে হত্যা করা হয়েছে: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারের নামে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একই সাথে নিষিদ্ধ আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণ তাদের উপযুক্ত শিক্ষা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।

দুলু বলেন, আওয়ামী লীগ ১৭ বছর শাসনের নামে বাংলাদেশকে শোষণ করেছে। এখন পাশের দেশে বসে দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করতে গোপনে ষড়যন্ত্র করছে। বিএনপি ও দেশের মানুষের ভদ্রতা ও নীরবতাকে দুর্বলতা ভেবে শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা দেশে ফিরে আসার কথা বলে ভীতি সৃষ্টির চেষ্টা করছেন। তবে দেশের মানুষ আওয়ামী লীগকে ভয় পায় না।

তিনি বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে থাকবে। নিষিদ্ধ আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণ তাদের উপযুক্ত শিক্ষা দেবে।

বিরোধী দলের উদ্দেশে দুলু বলেন, জনগণ বিএনপিকে পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপি ভালো কাজ করলে জনগণ আবার ভোট দেবে, আর খারাপ করলে অন্য দলকে বেছে নেবে। পাঁচ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। তাই অযথা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে দেশ অশান্ত করার সুযোগ দেওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, বিরোধী দলের ছোটখাটো বিষয় নিয়ে আন্দোলন করার সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাতে পারে। অতীতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহির।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন এবং সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ অন্য নেতারা।