...|...|...

সারাদেশ

আ.লীগ বৃক্ষ নিধন করেছে, বিএনপি রোপণ করছে: নিলুফার মনি

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সকাল ৭:২৫
Shares
আ.লীগ বৃক্ষ নিধন করেছে, বিএনপি রোপণ করছে: নিলুফার মনি

বক্তব্য রাখেন বিএনপির নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। ছবি: টাইমস টুডে

আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক গাছ নিধন হলেও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় বৃক্ষরোপণ করা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্বনির্ভরতা বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। ওই সময়ের ক্ষতি পুষিয়ে নিয়ে পরিবেশ রক্ষায় কাজ শুরু হয়েছে উল্লেখ করে আগামী পাঁচ বছরে সারা দেশে ৫০ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর শহরের বাগেরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালপুর জেলা যুবদল আয়োজিত এ অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেন, আমাদের সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, জনাব তারেক রহমান সাহেব বৃক্ষরোপণ নিয়ে যে কথাটা বলেছেন, উনি যে অনুধাবনটা করেছেন যে, এই দেশের পরিবেশ রক্ষা করার জন্য বৃক্ষের বিকল্প হতে পারে না। আর আগের সরকার যেভাবে বৃক্ষকে নিধন করেছে কিন্তু কোনো রোপণ করে নাই।

পরিবেশ রক্ষায় সুন্দরবনের উদাহরণ টেনে তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ের আঘাত থেকে সুন্দরবন নিজের ধ্বংস সহ্য করেও উপকূলকে রক্ষা করেছে। পরবর্তীতে তা আবার প্রাকৃতিকভাবেই ঘুরে দাঁড়িয়েছে, যা প্রমাণ করে প্রকৃতির সুরক্ষায় গাছের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।

সারা দেশে পাঁচ বছরে ৫০ কোটি, অর্থাৎ বছরে গড়ে অন্তত ১০ কোটি গাছ রোপণের সরকারের পরিকল্পনা তুলে ধরে নিলুফার চৌধুরী মনি বলেন, এসব গাছ বড় হলে বায়ুদূষণ কমবে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকেও দেশকে রক্ষা করা সম্ভব হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের পেশাগত সমস্যার বিষয়েও কথা বলেন নিলুফার চৌধুরী মনি। 

ঢাকার পাশাপাশি মফস্বলের সাংবাদিকেরা যেভাবে পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা পাওয়া উচিত, তা পান না উল্লেখ করে তিনি জানান, সাংবাদিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। 

পাশাপাশি হলুদ সাংবাদিকতা রোধেও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। আর্থিক অনিশ্চয়তার কারণে অনেক সময় পেশাদার সাংবাদিকেরা বাধ্য হয়ে ভুল পথে যান মন্তব্য করে তিনি বলেন, সাংবাদিকদের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে সরকার শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ৩ শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। জামালপুর জেলা যুবদলের সদস্যসচিব ও পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী সোহেল রানা খানের আয়োজনে অনুষ্ঠানে জেলা শ্রমিক দলের সভাপতি এস এম আব্দুস সোবহান এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।