...|...|...

জাতীয়

আ.লীগের সাথে কোনো ধরনের রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই: কায়সার কামাল

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, রাত ৮:০৫
Shares
আ.লীগের সাথে কোনো ধরনের রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই: কায়সার কামাল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

কায়সার কামাল বলেছেন, দলটির নেতাদের রাজনৈতিকভাবে কী হবে, সেটি আলাদা বিষয়; তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে যারা জনগণের ওপর সহিংসতা চালিয়েছে, তাদের অবশ্যই বিচারব্যবস্থার আওতায় আনতে হবে।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী দিনের একটি অধিবেশনে বক্তব্যে কায়সার কামাল এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অঙ্গসংগঠন ব্যবহার করে জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিচার করতে হবে। তবে এই বিচার শুধু শাস্তি দেওয়ার জন্য নয়; ভবিষ্যতে যেন কেউ আবার বাংলাদেশে এমন কর্তৃত্ববাদী ব্যবস্থা প্রতিষ্ঠার সাহস না পায়, সে জন্য একটি দৃষ্টান্ত তৈরি করাও এর উদ্দেশ্য।

কায়সার কামাল বলেন, যেসব ব্যক্তি বিদেশে অবস্থান করছেন, তারা কোনো অনুশোচনা প্রকাশ করছেন না। তাদেরও বিচারের আওতায় আনতে হবে। রাজনৈতিক পুনর্মিলনের নামে তাদের দায়মুক্তির সুযোগ দেওয়া উচিত নয়।

কায়সার কামাল বলেন, গত দেড় দশকে বাংলাদেশে বিচারব্যবস্থা কর্তৃত্ববাদী সরকারের প্রভাবের মধ্যে ছিল। বর্তমানে জনগণের সরকার ক্ষমতায় থাকায় বিচারব্যবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। ভবিষ্যতে দেশে একটি ন্যায়সংগত ও স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডেপুটি স্পিকার আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই করতে শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠান প্রয়োজন। সরকারের বৈধতা ও জনআস্থা নির্ভর করে স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের শাসনের ওপর। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারকারীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।