ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, আওয়ামী লীগের ছিল কোটা আর বিএনপির হলো নির্লজ্জ দলীয়করণ। এই নির্লজ্জ দলীয়করণই বিএনপির পতনের কারণ হবে।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।
ডাকসু ভিপি বলেন, বিএনপি সরকার এর আগেও ৯০ পরবর্তী সারা বাংলাদেশের সব ক্যাম্পাসে তাদের হাত ধরে গণরুম-গেস্ট রুম কালচার তৈরি হয়েছে। এই ছাত্রদল-বিএনপি প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রসংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে। তাদের রাজনীতি মানে চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, মানুষের ওপর অধিকার হরণ করা, স্কুলের গ্রিল চুরি করে বিক্রি করে দেয়া, মুরগির বিষ্ঠা নিয়ে মারামারি করা, হাসপাতাল গুঁড়িয়ে দেয়া, চাপাতি রামদা দিয়ে কুপিয়ে মানুষের পায়ের গোড়ালি আলাদা করে দেয়া। এটাই হলো তাদের প্ল্যান।
সাদিক কায়েম বলেন, ‘আমরা রাজপথে নেমেছি জুলাই সনদের বাস্তবায়ন করার জন্য। গণভোটের যে জনরায় ৭০ শতাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে মতামত দিয়েছে, যে জন্য আবু সাঈদ- আলী রায়হান জীবন দিয়েছে, সেই জুলাই সনদ ও শহিদদের আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা রাজপথে নেমেছি।’
পথসভায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


