আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭৯ সালের ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ’-এর আওতায় গঠিত এপিবিএনকে আরও জনবান্ধব ও কার্যকর করতে বিদ্যমান অধ্যাদেশ যুগোপযোগী করে বাংলায় ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। খসড়াটি জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আইনে ১৯৭৯ সালের অধ্যাদেশ রহিত করার পাশাপাশি ওই আইনের অধীনে সম্পন্ন কার্যক্রমের ধারাবাহিকতা ও হেফাজতের বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত আইন অনুযায়ী, এপিবিএন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।
নতুন আইনে এপিবিএনের দায়িত্ব আরও বিস্তৃত করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে জননিরাপত্তা নিশ্চিত করা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা প্রদান, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা।
এ ছাড়া প্রস্তাবিত আইনে ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য প্রচলিত আইন অনুসরণ করে এপিবিএনের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার প্রক্রিয়ার বিধান রাখার প্রস্তাবও করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।


