আর্জেন্টিনা ও বুরকিনা ফাসোর মধ্যকার প্রীতি ম্যাচ মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকলেও বুরকিনা ফাসো দল এখনো মরক্কোতে অবস্থান করছে। নির্ধারিত চার্টার্ড ফ্লাইট বাতিল হওয়ায় সময়মতো বুয়েনস আইরেসে পৌঁছাতে না পারলে ম্যাচটি বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও বুরকিনা ফাসোর ম্যাচটি হওয়ার কথা। সূচি অনুযায়ী, গত মঙ্গলবারই বুরকিনা ফাসো দলের আর্জেন্টিনায় পৌঁছানোর কথা ছিল। তবে ভ্রমণসংক্রান্ত জটিলতায় তারা কাসাব্লাঙ্কায় আটকে যায়।
শুক্রবার বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন (এফবিএফ) এক বিবৃতিতে জানায়, চার্টার্ড ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাটি কোনো পূর্বঘোষণা ছাড়াই নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে।
বিবৃতিতে এফবিএফ জানায়, ‘চার্টার্ড বিমান সংস্থার আকস্মিক ফ্লাইট বাতিলের কারণে ৩০ সেপ্টেম্বরের নির্ধারিত ভ্রমণটি বাধাগ্রস্ত হয়, যার ফলে পুরো দলের ভ্রমণসূচি নতুন করে সাজাতে হয়েছে।’
দলটিকে দ্রুত বুয়েনস আইরেসে নেওয়ার জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করতে কাজ করছে বুরকিনা ফাসোর ক্রীড়া মন্ত্রণালয়, ফুটবল ফেডারেশন এবং মরক্কোতে থাকা দেশটির দূতাবাস। তবে সময়ের স্বল্পতা ও দীর্ঘ ভ্রমণের কারণে খেলোয়াড়দের শারীরিক প্রস্তুতি নিয়েও উদ্বেগ রয়েছে।
ম্যাচটি শেষ পর্যন্ত আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিশ্চিত করতে দেশটির ক্রীড়ামন্ত্রী, এফবিএফ সভাপতি ও রাষ্ট্রদূত সরাসরি উদ্যোগ নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করে বুরকিনা ফাসোকে সময়মতো আর্জেন্টিনায় পৌঁছানোর চেষ্টা চলছে।


