আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর হওয়ার পথে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এর সাথে চুক্তি নবায়নে সম্মত হয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। প্রাথমিক সমঝোতা অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত তার সাথে চুক্তি হতে পারে। পরবর্তী সময়ে দুই পক্ষ রাজি হলে চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম সুপারদেপোরের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক ফিফা আন্তর্জাতিক বিরতিতে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সাথে বৈঠক করেন স্কালোনি। নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তার পর জাতীয় দলের দায়িত্ব চালিয়ে যেতে সম্মতি দেন তিনি। চুক্তির আর্থিক শর্তসহ অন্যান্য বিষয়েও দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
তবে চুক্তি নবায়নের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এএফএ। এর আগে সংস্থাটি দুই পক্ষের মধ্যে আলোচনা শুরুর কথা জানিয়েছিল। আগামী কয়েক দিনের মধ্যে অথবা নভেম্বরে আন্তর্জাতিক বিরতির সময় নতুন চুক্তির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নভেম্বরে বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৩ নভেম্বর বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে দলটি।
২০১৮ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। তার অধীনেই একের পর এক বড় সাফল্য পেয়েছে দলটি। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালে ফিনালিসিমা ও বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর ২০২৪ সালেও কোপা আমেরিকার ট্রফি নিজেদের করে নেয় তারা।
নতুন চুক্তি চূড়ান্ত হলে আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির দায়িত্ব পালনের মেয়াদ আরও দীর্ঘ হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির ডাগআউটে থাকার সুযোগ পাবেন বিশ্বকাপজয়ী এই কোচ।


