হাতে ছোট্ট একটি লিফলেট। তাতে রয়েছে শৈশবের সাদাকালো ছবি এবং বর্তমানের একটি ছবি। ছবির নিচে লেখা ‘শিশুকালে আমি’ ও ‘আমি এখন’। পরনে লুঙ্গি ও কালো টি-শার্ট। চেহারায় বিদেশি ছাপ থাকলেও জন্মসূত্রে বাংলাদেশের সন্তান তিনি। মা-বাবার সন্ধানে কুমিল্লার পথে পথে ঘুরছেন। পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে জানতে চাইছেন, কেউ তার মা-বাবার পরিচয় জানেন কি না।
৪৬ বছরের বেশি সময় আগে শৈশবে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে দত্তক হিসেবে চলে গিয়েছিলেন রাজীব উদ্দিন। বর্তমানে তার পাসপোর্ট ও পরিচয়পত্রে নাম হ্যারল্ড ডেভিড রাজীব। নেদারল্যান্ডসের নাগরিক এই ব্যক্তি জন্মের প্রায় তিন বছর পর ১৯৮০ সালে একটি ডাচ পরিবারের কাছে দত্তক যান। এরপর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিজের জন্মদাতা মা-বাবার পরিচয় জানতে পারেননি তিনি।
রাজীব জানান, তার কাছে নিজের জন্মদাতা মা-বাবার চেহারা কিংবা শৈশবের কোনো স্মৃতি নেই। হাতে রয়েছে কিছু কাগজপত্র এবং শৈশবের পাসপোর্টে থাকা একটি ছবি। এসব তথ্যের ওপর ভর করেই বছরের পর বছর ধরে নিজের পরিবারের সন্ধান করছেন তিনি।
রাজীবের ভাষ্য, ১৯৭৪ থেকে ১৯৮০ সালের মধ্যে বাংলাদেশ থেকে অনেক শিশুকে দত্তক হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের মধ্যে প্রায় ৪৮৭ জনকে নেদারল্যান্ডসে নেওয়া হয়। তবে এসব শিশুর সবাই সরকারি নথিতে নিবন্ধিত ছিলেন না। রাজীব ও সেলিনার দাবি, তারাও সরকারি নথিতে নিবন্ধিত ছিলেন না।
নিজের পরিচয় ও জন্মপরিচয় ফিরে পেতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছেন রাজীব। তিনি বলেন, ‘আমার বয়স যখন প্রায় তিন বছর, তখন আমি মা–বাবাকে হারিয়েছি। কাগজপত্র অনুযায়ী, ১৯৭৭ সালে আমার জন্ম। ১৯৮০ সালে আমাকে নেদারল্যান্ডসের একটি শ্বেতাঙ্গ পরিবারের কাছে দত্তক দেওয়া হয়। সেখানে আমার ভালো জীবন আছে। কিন্তু আমার হৃদয়ে একটা শূন্যতা রয়ে গেছে। প্রতিদিন আয়নায় তাকালে মনে হয়, আমি আসলে কে? আমি আমার পরিবারকে খুব মিস করি।’
২০১৫ সাল থেকে মা-বাবার সন্ধানে একাধিকবার বাংলাদেশে এসেছেন রাজীব। এ পর্যন্ত ছয়বার কুমিল্লা ও আশপাশের এলাকায় এসেছেন বলে জানান তিনি। তার কাছে থাকা কাগজপত্রে জন্মস্থান হিসেবে বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দির নাম উল্লেখ রয়েছে। তবে ১৯৮০ সালের দিকে এলাকাটি কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত ছিল।
কাগজপত্রে থাকা জন্মস্থানের ঠিকানা নিয়েও পুরোপুরি নিশ্চিত নন রাজীব। তার ধারণা, দত্তক নেওয়ার প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করা হয়ে থাকতে পারে। ফলে নথিতে উল্লেখ করা ঠিকানাটি প্রকৃত জন্মস্থানের কি না, তা নিয়ে সংশয় রয়েছে তার।
মা-বাবার সন্ধানে একপর্যায়ে একজন ব্যক্তির সাথে যোগাযোগ হয় রাজীবের। ওই ব্যক্তি তাকে জানিয়েছিলেন, তিনি রাজীবের জন্মদাতা বাবা হতে পারেন। কারণ, বিদেশে থাকার সময় তারও একটি সন্তান হারিয়ে গিয়েছিল। পরের বছর বাংলাদেশে ফিরে ওই ব্যক্তির সাথে দেখা করেন রাজীব। তাদের মধ্যে বাবা-সন্তানের সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষাও করান। তবে পরীক্ষার ফলাফলে তাদের মধ্যে কোনো পিতৃত্বের সম্পর্ক পাওয়া যায়নি। এতে দুজনই হতাশ হন।
তবে ওই অভিজ্ঞতায় হাল ছাড়েননি রাজীব। বরং নিজের পরিবারের সন্ধানে আবারও বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘আমি খুব হতাশ হয়েছিলাম। এরপরও আশা ছাড়িনি। প্রতি দুই বছর পরপর ফিরে আসার চেষ্টা করেছি। যত দিন না মা–বাবাকে খুঁজে পাচ্ছি, তত দিন চেষ্টা চালিয়ে যাব।’
এবারও কাগজপত্র নিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগের পাশাপাশি নিজ উদ্যোগে লিফলেট ছাপিয়েছেন রাজীব। সেখানে শৈশবের ছবি ও বর্তমানের ছবি পাশাপাশি দিয়ে মা-বাবার সন্ধান চেয়েছেন। লিফলেটে যোগাযোগের জন্য ফোন নম্বর ও ই-মেইল ঠিকানাও উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবারও কুমিল্লার ঝাউতলা ও পুলিশ লাইনস এলাকায় ঘুরে ঘুরে পথচারীদের হাতে লিফলেট বিতরণ করেন রাজীব। ৪৬ বছরের বেশি সময় ধরে যে পরিচয়ের শূন্যতা বয়ে বেড়াচ্ছেন, সেই শূন্যতা পূরণে এখনো আশায় বুক বেঁধে আছেন তিনি। তার অপেক্ষা, কোনো একদিন হয়তো এই লিফলেট পৌঁছে যাবে তার জন্মদাতা মা-বাবার কাছে কিংবা এমন কারও হাতে, যিনি তাদের সন্ধান দিতে পারবেন।



