...|...|...

বিশ্ব

আবুধাবিতে দুর্ঘটনায় বাংলাদেশি মা-ছেলে নিহত, বেঁচে গেছেন বাবা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, রাত ১০:৫৫
Shares
আবুধাবিতে দুর্ঘটনায় বাংলাদেশি মা-ছেলে নিহত, বেঁচে গেছেন বাবা

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক নারী ও তার ১৫ বছর বয়সি কিশোর পুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গাড়িচালক বাবা, তবে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

খালিজ টাইমস ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার (১২ অক্টোবর) রাতে আবুধাবির আল ওয়াসবা সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত মা ও ছেলের নাম অশিমা চৌধুরী এবং তার ১৫ বছর বয়সি ছেলে অরিত্র বিশ্বাস। তাদের গাড়িটি চালাচ্ছিলেন স্বামী স্বরূপ কান্তি বিশ্বাস।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী সাংবাদিক সঞ্জিত কুমার শিল জানান, গত সোমবার রাত আনুমানিক ৯টার দিকে পরিবারটি একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। পথিমধ্যে আল ওয়াসবা সেতুর কাছাকাছি পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী গাড়ি সজোরে তাদের গাড়িটিকে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় চালক স্বরূপ কান্তি বিশ্বাস গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশের একটি ব্যারিকেডের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অশিমা চৌধুরী ও তার কিশোর পুত্র অরিত্র।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম কল্যাণ) মোহাম্মদ ইসমাইল জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় স্বরূপ কান্তি বিশ্বাসকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং মঙ্গলবার সকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। অন্যদিকে, নিহত মা ও ছেলের লাশ বর্তমানে আবুধাবির বানিয়াসের কেন্দ্রীয় মর্গে রাখা হয়েছে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, স্বরূপ কান্তি বিশ্বাসের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে এবং অশিমা চৌধুরীর পরিবার চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা। বর্তমানে স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য ও নিহতদের বন্ধুরা মিলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে এবং মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করতে নিহতের পরিবারের সাথে যোগাযোগ রাখছেন।