...|...|...

সংবাদ

আবার হামলা হলে ইরান ‘যুদ্ধের ভূগোল’ বদলে দেবে: আইআরজিসি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৪৮
Shares
আবার হামলা হলে ইরান ‘যুদ্ধের ভূগোল’ বদলে দেবে: আইআরজিসি

ছবি: সংগৃহীত

আবার আক্রান্ত হলে ইরান ‘যুদ্ধের ভূগোল’ বদলে দেবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। একই সঙ্গে নতুন অস্ত্র ও নতুন লক্ষ্যবস্তু নিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি টেলিভিশন অনুষ্ঠানে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহিবি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের প্রতিরক্ষা ও পাল্টা হামলার ধরনে বড় ধরনের পরিবর্তন আসবে। বদলে যাবে যুদ্ধের ভূগোল, ব্যবহৃত অস্ত্র ও লক্ষ্যবস্তু।

মোহিবি বলেন, ‘নতুন কোনো হামলা হলে আমরা অস্ত্রশস্ত্র ও যুদ্ধের ভূগোল বদলে ফেলব। নতুন সক্ষমতা ও সামর্থ্য নিয়ে ময়দানে নামব। বিশ্ববাসী এতে অবাক হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ইরানের লক্ষ্যবস্তু এখন আর আগের মতো নেই। এমন কিছু নতুন লক্ষ্য চিহ্নিত করা হয়েছে, যেগুলোতে আগে কখনো হামলা চালানো হয়নি।

আইআরজিসির এই মুখপাত্র বলেন, ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত। তাঁর দাবি, যুদ্ধকে তেহরান একাধিক পর্যায়ে চলমান একটি সংঘাত হিসেবে দেখছে এবং আইআরজিসি এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

মোহিবি আরও জানান, আইআরজিসি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো যোগাযোগ করেনি এবং ইরানের সশস্ত্র বাহিনীও কোনো কূটনৈতিক তৎপরতায় যুক্ত হয়নি। তাঁর ভাষ্য, দেশের প্রতিরক্ষা নিশ্চিত করাই সামরিক বাহিনীর প্রধান লক্ষ্য।

হরমুজ প্রণালীকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যেই এই হুঁশিয়ারি এলো। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হতো। বর্তমানে জলপথটির নৌ-চলাচল নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করলে সংঘাতের সূত্রপাত হয়। জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরান পরে হরমুজ প্রণালির নৌ-চলাচল বন্ধ করে দেয়।

এরপর পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর একটি রোডম্যাপ তৈরি হয়েছিল। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে দুই পক্ষের মধ্যে যোগাযোগব্যবস্থা চালুর বিষয়েও তখন সমঝোতা হয়।

তবে পরবর্তী সময়ে সেই প্রক্রিয়া ভেস্তে যায় এবং হামলা পাল্টা হামলা চালানো হয়।  তবে সাম্প্রতিক সময়ে ইরান নতুন করে হামলা হলে পাল্টা জবাবের পরিধি বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে।