আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা (আইএমএসসি) ২০২৬-এ দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ইরান। চারটি স্বর্ণপদক ও দুটি রৌপ্যপদক জিতে ৪৯টি দেশের মধ্যে দলগতভাবে প্রথম স্থান অধিকার করেছে দেশটির জাতীয় গণিত অলিম্পিয়াড দল। খবর প্রেস টিভির।
প্রতিবেদনে বলা হয়, প্রতিযোগিতায় ইরানি দলটি মোট ছয় সদস্য নিয়ে অংশগ্রহণ করে। তারা হলো— আরিয়ান জান্দি, আরশা আজিজোদ্দিন, সৈয়দ আমিরহোসেন তাইয়েব, আলিরেজা শরিফি, রাদিন নিক ইঘবালি এবং আলি জুনবখশ নাজাফাবাদী।
দলগত র্যাঙ্কিংয়ে ইরান পোল্যান্ড ও ব্রাজিলকে পেছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত করে। ইরানি শিক্ষার্থীদের এই সাফল্য দেশটির গণিত শিক্ষার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আইএমএসসি ২০২৬-এ বিশ্বের ৪৯টি দেশ অংশ নেয়। ইরানি দল তাদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সর্বোচ্চ স্থান অর্জন করে।
এদিকে, এই একই ছয় সদস্যের দল চীনের সাংহাইয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ২০২৬-এ ইরানের প্রতিনিধিত্ব করবে।


