...|...|...

জাতীয়

আদ্‌-দ্বীন হাসপাতালের রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৬, বিকেল ৪:৪৯ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, রাত ১২:২৬
Shares
আদ্‌-দ্বীন হাসপাতালের রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা

ছবি- সংগৃহীত

রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের স্বল্পতা ও কর্তৃপক্ষের চরম অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। এই উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালটিতে চিকিৎসাধীন সাধারণ রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকার সরকারি শীর্ষ ছয়টি হাসপাতালকে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতরের।

আজ শুক্রবার (১২ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর থেকে নির্দেশনা পাওয়া ঢাকার ছয়টি হাসপাতাল হলো—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

এসব হাসপাতালের পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে আদ্-দ্বীন থেকে আসা রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গতকাল ১১ জুন স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে মগবাজারের এই বেসরকারি হাসপাতালটির লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় জনস্বার্থে ও চিকিৎসায় শৃঙ্খলা ফেরাতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

লাইসেন্স বাতিলের আদেশে বলা হয়েছে, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালের একটি বিশেষ ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ওই হৃদয়বিদারক ঘটনার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, অক্সিজেনের স্বল্পতা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাই ছয় নবজাতকের মৃত্যুর কারণ।