...|...|...

আইন ও আদালত

আদালত অবমাননার অভিযোগ, ব্যারিস্টার ফুয়াদের হাজিরা আজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, রাত ২:৩৩
Shares
আদালত অবমাননার অভিযোগ, ব্যারিস্টার ফুয়াদের হাজিরা আজ

এবি পার্টি'র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’—এমন মন্তব্যের ব্যাখ্যা দিতে আজ ট্রাইব্যুনালে হাজির হওয়ার কথা রয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের।

সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল শুনানি গ্রহণ করবেন।

এর আগে আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে ব্যারিস্টার ফুয়াদকে তলব করেন। গত ১ নভেম্বর ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সাথে ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে নির্ধারিত দিনে আদালতে হাজির হতে পারেননি ফুয়াদ। তার আইনজীবীদের করা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন। সেদিন ফুয়াদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার সানী আবদুল হক ও অ্যাডভোকেট মতিয়ার রহমান।

পরে ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া জানান, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে সময় আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে আগামী ২৩ নভেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেছেন। তারই ধারাবাহিকতায় তিনি আজ ট্রাইব্যুনালে হাজির হবেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ফুয়াদের ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত স্বপ্রণোদিত হয়ে তাকে তলব করেন। পরে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

গত ১ নভেম্বর প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান, এবি পার্টির একটি অনুষ্ঠানে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন। সেখানে তিনি ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন।

প্রসিকিউটর আরও জানান, তার এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেন এবং ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে স্বপ্রণোদিত (সুয়োমোটো) নোটিশ জারি করেন। ওই বক্তব্যের ব্যাখ্যা দিতে তাকে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।