দিল্লিতে বিক্ষোভ ঘিরে আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।
নেহা বোরা লিখেছেন, ‘পুলিশ আমার ফোনটি নিয়ে নিয়েছিল। এখন আমি আমার ফোন ফেরত পেয়েছি। ময়দান গড়ি থানা থেকে নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে।’
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়ের মধ্যে আটক হন নেহা বোরা। এ ছাড়াও দেশটির বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের আটক করে পুলিশ। ।
উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা। এ দাবিতে দিল্লিতে কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।


