...|...|...

বিশ্ব

আজ থেকে শুরু নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, সকাল ১০:৩২
Shares
আজ থেকে শুরু নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

আজ সোমবার (৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে চলতি বছরের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা। প্রথা অনুযায়ী, অক্টোবরের প্রথম সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারের ঘোষণা পর্ব।

আজ বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়নবিদ্যা, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, সাহিত্য ও অর্থনীতির পুরস্কার ঘোষণা করা হয় স্টকহোম থেকে। আর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ের রাজধানী অসলো থেকে।

সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। তার রেখে যাওয়া অর্থের মাধ্যমে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেল তার উইলে পাঁচটি বিষয়ে পুরস্কার দেওয়ার কথা উল্লেখ করেছিলেন- চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, সাহিত্য ও শান্তি।

পরবর্তীতে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব সুইডেন’ অর্থনীতিতে একটি পুরস্কার চালু করে। আলফ্রেড নোবেলের স্মরণে দেওয়া এই পুরস্কারটি বর্তমানে নোবেল পুরস্কারের অন্যান্য বিভাগের সাথে একই সময়ে ঘোষণা ও প্রদান করা হয়। এটি আনুষ্ঠানিকভাবে ‘দ্য সেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’ নামে পরিচিত।

প্রতিবছর ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। স্টকহোম ও অসলোতে পৃথক অনুষ্ঠানে বিজয়ীদের দেওয়া হয় স্বর্ণপদক, মানপত্র এবং পুরস্কারের অর্থ।

এ বছর প্রতিটি নোবেল পুরস্কারের অর্থমূল্য ১২ মিলিয়ন সুইডিশ ক্রোনার। কোনো বিভাগে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান পুরস্কার পেলে নির্ধারিত অর্থ তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

এক শতাব্দীরও বেশি সময় ধরে বিজ্ঞান, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার বিশ্বজুড়ে বিশেষ মর্যাদা বহন করে আসছে।