...|...|...

সারাদেশ

আজ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট দেবেন দেড় লক্ষাধিক শ্রমিক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:০৭
Shares
আজ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট দেবেন দেড় লক্ষাধিক শ্রমিক

আজ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। ছবি: টাইমস টুডে

দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নির্বাচন। দেশের পাঁচ জেলার ২৩০টি চা বাগানে একযোগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে।

মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার ২০টি উপজেলার চা বাগানগুলোতে ভোটাধিকার প্রয়োগ করবেন ১ লাখ ৪৫ জন শ্রমিক। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার, সিলসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।

এবারের নির্বাচনের বিশেষত্ব হলো, প্রত্যেক ভোটার তিনটি পৃথক প্যানেলে ভোট দেবেন। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, সংশ্লিষ্ট ভ্যালি কমিটি এবং নিজ নিজ চা বাগানের পঞ্চায়েত কমিটি।

কেন্দ্রীয়, ভ্যালি ও পঞ্চায়েত কমিটি মিলিয়ে ছয় শতাধিক প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পঙ্কজ কন্দ ও রাজু গোয়ালা। সাধারণ সম্পাদক পদে লড়ছেন পরেশ কালিন্দি, নিপেন পাল ও মুকেশ কর্মকার।

রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ নিয়োজিত থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত এ নির্বাচন চা শ্রমিকদের কাছে নিজেদের অধিকার ও প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উপলক্ষ।