...|...|...

অর্থনীতি

আগস্টের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৫০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২৫
Shares
আগস্টের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

ছবি: সংগৃহীত

চলতি আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ লাখ টাকা।

রবিবার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহে আগের বছরের একই সময়ের তুলনায় বড় প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ২৯ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। আর চলতি ২০২৬ সালের একই সময়ে এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ বা ৪৮ কোটি ৭০ লাখ ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে (১ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত) দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৬৬ কোটি ডলার। সেই হিসাবে অর্থবছরের প্রথম দুই মাসেই রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৬ শতাংশ বা ৮৬ কোটি ৭০ লাখ ডলার।

ব্যাংকাররা জানান, বৈধ পথে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করায় প্রবাসী আয় বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনীতির ভিত আরও শক্তিশালী হবে।