বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে আজ শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টায় ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের শীর্ষ নেতারা অংশ নেবেন।
এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলার অভিযোগে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগরী উত্তর জামায়াত। জসিম উদ্দীন মোড় থেকে শুরু হওয়া মিছিল শেষে সমাবেশ থেকে অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এদিকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে গতকাল এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।


