চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় আওয়ামী লীগের ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করার সময় ১০ থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) বেলা দুইটার দিকে সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, জুমার নামাজের পর একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক ওই এলাকায় আসেন। তাদের হাতে ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার। পরে তারা সেখানে মিছিল শুরু করেন।
এ সময় কাছাকাছি থাকা পুলিশের একটি টহল দল মিছিলকারীদের ধাওয়া দেয়। পুলিশ এগিয়ে গেলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে অভিযান চালিয়ে অন্তত ১০ জনকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, আটক ব্যক্তিরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার নিয়ে মিছিল করার সময় ১০ থেকে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।
তিনি বলেন, যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


