...|...|...

বিনোদন

অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেইন্ট আর নেই

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫০
Shares
অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেইন্ট আর নেই

ছবি: সংগৃহীত

হলিউডের স্বর্ণযুগের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ও অস্কারজয়ী প্রবীণ অভিনেত্রী ইভা মেরি সেইন্ট মারা গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর।

বিবিসি জানায়, পরিবারের মুখপাত্র জেফ স্যান্ডারসন বর্ষীয়ান এই অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি হলিউডের সবচেয়ে প্রবীণ জীবিত অস্কারজয়ী তারকা ছিলেন।

১৯৫৪ সালে পরিচালক এলিয়া কাজানের বিখ্যাত সিনেমা ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’-এ মার্লন ব্র্যান্ডোর বিপরীতে অভিনয় করে বড় পর্দায় পদার্পণ করেন ইভা মেরি সেইন্ট। প্রথম সিনেমাতেই সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে জিতে নেন অস্কার। এরপর ১৯৫৯ সালে আলফ্রেড হিচককের কালজয়ী থ্রিলার ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-এ ক্যারি গ্রান্টের বিপরীতে অভিনয় করে ক্যারিয়ারে নতুন মাইলফলক স্পর্শ করেন তিনি।

দীর্ঘ অভিনয় জীবনে পল নিউম্যান ও ওয়ারেন বিটির মতো খ্যাতিমান অভিনেতাদের কাজ করলেও ক্যারিয়ারের চূড়ায় থাকা অবস্থায় পরিবারকে সময় দিতে অভিনয় থেকে বিরতি নেন তিনি। পরে ২০০৬ সালে ‘সুপারম্যান রিটার্নস’ সিনেমায় সুপারম্যানের দত্তক মায়ের চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের কাছে ফের প্রশংসিত হন।

হলিউড ওয়াক অব ফেমে দুটি তারকা অর্জন করা এই অভিনেত্রী ছিলেন ক্লাসিক হলিউড যুগের শেষ সারির জীবিত তারকাদের একজন। ২০১৬ সালে তার স্বামী পরিচালক জেফ্রি হেইডেন মারা যান। মৃত্যুকালে তিনি দুই সন্তান ও অসংখ্য অনুরাগী রেখে গেছেন।