মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। অসুস্থতার খবর জানার পর মালয়েশিয়ার সরকারপ্রধানের প্রতি শুভকামনা ও প্রার্থনার বার্তা পাঠান তিনি।
সোমবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়, আনোয়ার ইব্রাহিমের শারীরিক সুস্থতা ও দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শিগগিরই সুস্থ হয়ে তার দায়িত্বে ফিরবেন।
তারেক রহমান বলেন, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আমি প্রার্থনা করছি। মহান আল্লাহ তাকে দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য ও কর্মক্ষমতা দান করুন।
তিনি আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটির প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশের জনগণ ও তার নিজের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য, জনশক্তি, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রেও সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া এই বার্তাকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।


