...|...|...

সারাদেশ

বরিশাল আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট

অর্থ আদায়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে ফেলা হলো সিঁড়িতে, ছাত্রত্বও বাতিল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১১
Shares
অর্থ আদায়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে ফেলা হলো সিঁড়িতে, ছাত্রত্বও বাতিল

অর্থ আদায়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে ফেলা হলো সিঁড়িতে। ছবি: ভিডিও থেকে নেওয়া

বরিশালের বেসরকারি আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে অর্থ আদায়ের প্রতিবাদ করায় তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে হামলার শিকার হওয়ার পর এবার পুলিশি হয়রানির অভিযোগ করেছেন তার সহপাঠীরা।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বরিশাল নগরের কোতোয়ালি থানা এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি শিক্ষার্থীদের। তাদের অভিযোগ, বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ তদন্তের কথা বলে অন্তু বিশ্বাসকে বাসা থেকে নিয়ে যায়। পরে তাকে কোথায় রাখা হয়েছে, তা জানতে গিয়ে থানা, আদালত ও বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে তাদের। যদিও পুলিশ বলছে, আদালতের নির্দেশে অন্তু বিশ্বাসকে ডেকে পাঠানো হয়েছিল।

অন্তু বিশ্বাস প্রতিষ্ঠানটির ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার সহপাঠীদের অভিযোগ, ক্লিনিক্যাল প্র্যাকটিসের খরচ দেখিয়ে ২০০ শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ১২ হাজার টাকা করে মোট ২৪ লাখ টাকা আদায়ের উদ্যোগ নেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ওই টাকা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে দিতে হবে বলে জানানো হয়েছিল। তবে হাসপাতালে যোগাযোগ করে শিক্ষার্থীরা জানতে পারেন, এ ধরনের কোনো অর্থ হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করে না। এরপরই তারা প্রতিবাদ শুরু করেন।

শিক্ষার্থীদের ভাষ্য, ২০২৪ সালেও একই খাতে শিক্ষার্থীদের কাছ থেকে ১২ হাজার টাকা করে নেওয়া হয়েছিল। তখন বিষয়টি নিয়ে আন্দোলন হলে কলেজ কর্তৃপক্ষ অর্থ সমন্বয়ের আশ্বাস দেয়। তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ তাদের।

চলতি বছরের ২৩ এপ্রিল শিক্ষার্থীরা আবারও এ বিষয়ে আন্দোলনে নামেন। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অর্থ নেওয়ার বিষয়টি নিশ্চিত হতে চাইলে তারা জানায়, এ ধরনের কোনো টাকা তারা গ্রহণ করে না। এরপর শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টি আমলে নেয়।

গত ১৭ মে অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে ৫ অক্টোবর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে ডিডব্লিউএফ নার্সিং কলেজ ও আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের পরিচালক জহিরুল ইসলাম, অধ্যক্ষ মমতাজ বেগম এবং প্রশাসনিক কর্মকর্তা ফারজানা আক্তার টুম্পার বিরুদ্ধে মামলা করেন। আদালতের এ পদক্ষেপের পর শিক্ষার্থীদের অর্থ সমন্বয় করতে বাধ্য হয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলে দাবি তাদের।

শিক্ষার্থীদের অভিযোগ, এ ঘটনার পর গত ২ নভেম্বর অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল করা হয়। তবে বিষয়টি তাকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

অন্তুর এক সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, গত ৮ নভেম্বর ফরম পূরণের শেষ দিনে অন্তু কলেজে গেলে কর্তৃপক্ষ জানায়, তার ফরম নেওয়া হবে না। কারণ, তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। প্রথমে এ সিদ্ধান্তের পক্ষে কোনো কাগজ দেখানো হয়নি। পরে শিক্ষার্থীরা একসাথে জানতে চাইলে ২ নভেম্বরের একটি নোটিশ দেখানো হয়।

ওই সহপাঠীর দাবি, এ ঘটনার পর শিক্ষার্থীরা বিভিন্ন দফতরে যোগাযোগ করলেও কলেজ কর্তৃপক্ষ তাদের ফোন ধরত না। প্রায় ১০ দিন প্রতিষ্ঠান বন্ধও ছিল। পরে বৃহস্পতিবার কলেজ খুললে অন্তু নিজের ছাত্রত্ব বাতিলের প্রতিবাদে একক অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় প্রতিষ্ঠানের এক কর্মচারী তাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি চলাকালে অন্তু বিশ্বাসকে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানের ফিন্যান্স বিভাগের সাথে সংশ্লিষ্ট মোহাম্মদ রাজীব নামের এক ব্যক্তি তার ওপর হামলা করেন। ছেলের ওপর হামলার খবর পেয়ে বাবা ক্যাম্পাসে গেলে তার গায়েও হাত তোলা হয় বলে দাবি করেন তারা।

এ ঘটনার পর অন্তু বিশ্বাসের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া এবং হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে সহপাঠীরা আন্দোলনে নামেন।

শুক্রবারের পুলিশি তৎপরতা নিয়ে ওই সহপাঠী বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে তদন্তের কথা বলে অন্তু বিশ্বাসকে বাসা থেকে নিয়ে যায় পুলিশ। প্রথমে থানায় নেওয়ার কথা বলা হলেও পরে তাকে সেখানে পাওয়া যায়নি। এরপর আদালতে নেওয়ার কথা শুনে তারা সেখানে যান। আদালতেও তাকে না পেয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খোঁজ করেন। কিন্তু সেখানেও তার সন্ধান পাননি।

পরে পুলিশ জানায়, অন্তু হাসপাতালে গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে আবার থানায় আনা হয়েছে। এরপর শিক্ষার্থীরা থানায় গিয়ে তার দেখা পান। তাদের অভিযোগ, এভাবে বিভিন্ন জায়গায় ঘোরানোর কারণে তারা ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ তাদের কাছে দুঃখ প্রকাশ করে।

অন্তুর সহপাঠীদের দাবি, তার ছাত্রত্ব পুনর্বহাল করতে হবে এবং সামনের পরীক্ষাসহ শিক্ষাজীবনের বাকি ধাপগুলোতে তাকে যেন কোনো ধরনের হয়রানি করা না হয়, তা নিশ্চিত করতে হবে।

আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট ও ডিডব্লিউএফ নার্সিং কলেজ একই মালিকানাধীন প্রতিষ্ঠান বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, প্রতিষ্ঠান দুটির জন্য আলাদা ভবন নেই। একই ভবনে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। দুটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকও একই ব্যক্তি।

অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিলের বিষয়ে জানতে চাইলে ডিডব্লিউএফ নার্সিং কলেজের অধ্যক্ষ মমতাজ বেগম বলেন, অন্তু তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী নন, তিনি আইএসিআইবির শিক্ষার্থী।

প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান ও পরিচালক মো. জহিরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।

অন্যদিকে পুলিশি হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার অন্তু বিশ্বাসকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে আদালতের। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীয়ত উল্লাহ স্বপ্রণোদিত হয়ে তাকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেন।

ওসি জানান, আদালত অন্তুর কাছ থেকে পুরো ঘটনা শুনতে চেয়েছিল। তার কোনো অসহায়ত্ব থাকলে আদালত পাশে দাঁড়াতে পারে এমন উদ্দেশ্যেই তাকে ডাকা হয়। এ বিষয়ে কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি বলেও জানান তিনি।

আদালতে হাজির করার জন্য কোনো লিখিত নোটিশ দেওয়া হয়েছিল কি না, জানতে চাইলে ওসি বলেন, শুক্রবার বিশেষ আদালতের কার্যক্রম থাকায় কোনো নোটিশ জারি করা হয়নি। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সকালে তাকে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে বিকেলে অন্তু বিশ্বাসকে আদালতে পাঠানোর কথা জানান। পরে পুলিশ তাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়ে আদালতে পাঠায়।

শিক্ষার্থীদের ভোগান্তির অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, অন্তু বিশ্বাস আদালতে যাওয়ার পথে পুলিশকে না জানিয়েই হাসপাতালে চলে গিয়েছিলেন। এ সময় তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এমনকি পুলিশ তাকে আটক বা গুম করেছে কি না, সে আশঙ্কাও প্রকাশ করেন তারা। পরে থানার সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের সাথে কথা বলে পুরো বিষয়টি পরিষ্কার করা হয়েছে বলে জানান ওসি।