...|...|...

সারাদেশ

অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫২
Shares
অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাহী অফিসারের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: টাইমস টুডে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের আমলে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা থেমে যাবে না। আমরা নিশ্চিত করতে চাই প্রত্যেকটি মেধাবী শিক্ষার্থী পড়াশোনা যেন শেষ করতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি কুঁড়ি পূর্ণাঙ্গ ফুল হয়ে ফুটবে, অর্থাৎ প্রতিটি শিক্ষার্থীর মেধা ও যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার।

তিনি বলেন, অর্থের অভাবে কারও চিকিৎসা যেন বন্ধ না হয়, তা নিশ্চিত করতে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চায় এই সরকার। পাশাপাশি, কোনো ধরনের ঘুষ বা আর্থিক লেনদেন ছাড়াই প্রকৃত উপকারভোগীদের ভাতা ও কার্ড প্রদান করা হবে এবং অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, সার বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ডিলারদের রাজনৈতিক পরিচয় বা ধর্মীয় বিশ্বাস নয়, বরং তাদের কার্যক্রমই বিবেচ্য। সার বিতরণে সামান্য অনিয়ম পাওয়া গেলেও সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও ডিলারশিপ বাতিল করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে আমরা যেমন জবাবদিহি করব, তেমনি সরকারি কর্মকর্তাদেরও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে। দেশে জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে ২শ জন উপকার ভোগীর মাঝে ২০ লাখ টাকার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, চেম্বার অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সাবেক বিএনপির সহসভাপতি গোলাম রেজা দুলুসহ প্রমূখ।