এই সময়ের বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেই ২০০৭ সালে শাহরুখের বিপরীতে ওম শান্তি ওম দিয়ে বলিউডে রাজকীয় অভিষেক তার। প্রথম সিমেনাতে বাদশা শাহরুখের সাথে দুর্দান্ত জুটি গড়ে তারকা বনে যান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। তবে সিনেমার পর্দায় গ্ল্যামারাস দীপিকার সাফল্যের নেপথ্যে রয়েছে কঠোর পরিশ্রমের গল্প। বলিউডে পা রাখার আগে অভিনয়ের পাঠ নিতে গিয়ে রীতিমতো ঘর মুছতে হয়েছিল তাকে। এমনকি হতাশায় অঝোরে কেঁদেও ফেলেছিলেন। এই শেখার আগ্রহ ও পরিশ্রমের ফলেই আজ তিনি বলিউডের শীর্ষ নায়িকার অন্যতম।
সম্প্রতি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার একটি প্যানেল আলোচনায় দীপিকার শুরুর দিকের এমনই এক অজানা স্মৃতি তুলে ধরেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।
ওম শান্তি ওম’ সিনেমার কাজ শুরু করার আগে অনুপম খেরের অভিনয়ের স্কুলে তিন মাসের একটি কোর্সে ভর্তি হয়েছিলেন দীপিকা। সেই সময়ের স্মৃতিচারণ করে অনুপম খের বলেন, ‘দীপিকা তখন মডেল হিসেবে বেশ জনপ্রিয়। আমাদের দ্বিতীয় ব্যাচের ছাত্রী হিসেবে ও ভর্তি হয়েছিল। পেশাদার মডেল হওয়ায় সবকিছু খুব নিখুঁত ও স্টাইলিশভাবে করতে চাইত।
কিন্তু অভিনয়ের প্রয়োজনে সেই মডেলসুলভ আভিজাত্য ভাঙাটা জরুরি ছিল। অনুপম খের জানান, একদিন ক্লাস চলাকালীন তিনি দীপিকাকে একজন পরিচারিকার চরিত্রে অভিনয় করতে এবং মেঝে মুছতে বলেন। শুরুতে দীপিকা সেই ঘর মোছার কাজটিও বেশ স্টাইল নিয়েই করছিলেন। বিষয়টি দেখে অনুপম খের তার নিজের বাড়ির পরিচারিকাকে ডেকে এনে মেঝে মুছে দেখাতে বলেন।
এরপর দীপিকাকে নির্দেশ দেওয়া হয়, ঠিক ওই পরিচারিকার মতো করে যতক্ষণ না মুছতে পারবে, ততক্ষণ অনুশীলন চালিয়ে যেতে হবে। বারবার একই কাজ করতে গিয়ে নিজের অক্ষমতায় ধৈর্য হারিয়ে ফেলেন দীপিকা। হতাশা ও বিরক্তিতে রীতিমতো কেঁদে ফেলেন তিনি। তবে শেষ পর্যন্ত হাল ছাড়েননি, অনুশীলনের মাধ্যমে কাজটি ঠিকই সফলভাবে সম্পন্ন করেছিলেন।
ঘর মোছার কাজ দিয়ে অভিনয়ে পাঠ নেওয়া সেই দীপিকা আজ ভারতীয় সিনেমার অন্যতম শীর্ষ অভিনেত্রী। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। শিগগির আবারও শাহরুখ খানের সাথে ‘কিং’ সিনেমায় পর্দা কাঁপাতে দেখা যাবে তাকে।


