...|...|...

বিশ্ব

অবৈধ অভিবাসীদের ধরতে ঘরে ঢুকে তল্লাশির আইন পাস করল বেলজিয়াম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৭
Shares
অবৈধ অভিবাসীদের ধরতে ঘরে ঢুকে তল্লাশির আইন পাস করল বেলজিয়াম

ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার নির্দেশ অমান্য করা অনিবন্ধিত ও অবৈধ অভিবাসীদের ধরতে পুলিশকে সরাসরি বসতবাড়িতে ঢোকার অনুমতি দিয়ে একটি বিতর্কিত আইন পাস করেছে বেলজিয়ামের পার্লামেন্ট। সার্বিক মানবাধিকার ও নাগরিক গোপনীয়তা হরণের তীব্র বিতর্ক এবং সারা রাতব্যাপী দীর্ঘ আলোচনার পর আজ শুক্রবার ভোরে বিলটি অনুমোদিত হয়। 

শুক্রবার (৬ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বেলজিয়ামের ডানপন্থি জোট সরকারের প্রধানমন্ত্রী বার্ট দে ওয়েভারের অভিবাসন নিয়ন্ত্রণ এবং যাদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে তাদের দ্রুত দেশ থেকে বিতাড়নের কঠোর কৌশলের অংশ হিসেবে এই নতুন পদক্ষেপটি নেওয়া হয়েছে।

তবে আইনটি পাসের শুরু থেকেই তীব্র বিরোধিতা করে আসছেন দেশটির মানবাধিকার কর্মী, সংগঠন ও আইনজীবীরা। তাদের যুক্তি, অভিবাসন আইন প্রয়োগের নামে পুলিশকে ব্যক্তিমালিকানাধীন বা বেসরকারি বাসাবাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া সাংবিধানিক অধিকার এবং ব্যক্তির গোপনীয়তা সংক্রান্ত আইনের চরম লঙ্ঘন।

বিতর্কিত এই বিলটির প্রতিবাদে গত বুধবার সন্ধ্যায় দেশটির রাজধানী ব্রাসেলসের ‘প্যালেস অব জাস্টিস’-এর চারপাশে অন্তত তিন হাজার মানুষ জড়ো হয়ে এক বিশাল মানববন্ধন রচনা করেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বিলটির বিরুদ্ধে একযোগে বেলজিয়ামের বিভিন্ন শহর ও নগরে ৫০টিরও বেশি বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আইনপ্রণেতাদের রাতভর দীর্ঘ ও উত্তপ্ত বিতর্কের পর স্থানীয় সময় ভোর ৫টার দিকে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে বিলটি চূড়ান্তভাবে পাস হয়।