সাফ টুর্নামেন্টে বাংলাদেশের জার্সিতে খেলতে সোমবার (৯ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছেছেন প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে বিকেলে বসুন্ধরার এবিজি স্পোর্টস সিটিতে জাতীয় দলের অনুশীলনেও যোগ দেন তিনি। হামজার উপস্থিতি দলের অন্য ফুটবলারদের মধ্যে বাড়তি উদ্দীপনা জোগায়। ঘণ্টা দেড়েকের বেশি সময় ধরে চলে জাতীয় দলের অনুশীলন।
এদিকে ফ্লাইট জটিলতার কারণে সকালে পৌঁছাতে না পারলেও কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাতে ঢাকায় আসেন ইংল্যান্ডের আরেক প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ।
তার ক্যাম্পে যোগদানের মধ্য দিয়ে সাফের জন্য বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড এখন পূর্ণাঙ্গ রূপ পেল। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ দলের সঙ্গে প্রথম অনুশীলন করবেন ফারহান।
সাফের সেমিফাইনাল নিশ্চিত হলেও আগামী পরশু গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে আজ দলের পক্ষ থেকে কাউকেই মিডিয়ার সামনে আনা হয়নি। অনুশীলন শেষে মাঠের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফেডারেশন ও জাতীয় দল কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ।

