...|...|...

সারাদেশ

অপরাধীর ফাঁসি হলেও আমার সন্তানকে আর ফেরত পাব না: অপ্রতীমের মা

কুবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:৩৩
Shares
অপরাধীর ফাঁসি হলেও আমার সন্তানকে আর ফেরত পাব না: অপ্রতীমের মা

ছবি: সংগৃহীত

‘আমার সন্তানের এই নৃশংস হত্যার পেছনের অপরাধীদের ফাঁসি হলেও আমি কি আমার সন্তান ফেরত পাব? কিন্তু অপরাধীরা যখন ৫-১০ বছর পরসংশোধনাগার থেকে ফেরত আসবে তখন আমি, আমার স্বামী, আন্দোনরত শিক্ষার্থীদের উপর তারা আবার আক্রমণ করবে না তার কি নিশ্চয়তা আছে?

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়ি গন্ধমতিতে নিজ বাসভবনে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। 

ড. নাহিদা বেগম বলেন, ১০০ টাকার জন্যও মানুষ মানুষকে খুন করতে পারে। আমাদের পরিবার অনেক বড় হওয়ায় আমার ভাই-বোনেরা অপ্রতিমকে ইদে ভালোই সালামি দিতো। হয়তো এই টাকার লোভও তাদের ছিলো। কিংবা তার সাথে মিশে একসময় তাকে অপহরন করে অনেক টাকা দাবি করতো।

গ্রেফতার দুজন কিশোরের বয়স নিয়ে সন্দেহ পোষণ করে তিনি বলেন, যাদের অপ্রাপ্ত বয়স্ক দেখানো হয়েছে, তাদের পরীক্ষা করা হোক। বয়স লুকিয়ে তাদের শাস্তি হিসেবে যদি সংশোধনাগারে পাঠানো হয় তারা বের হয়ে তখন আবার আমাদের নিরাপত্তার হুমকি হবে। আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক।

তুহিন গ্যাংয়ের সাথে অপ্রতিমের ছবি ও টিকটক প্রসঙ্গে ড. নাহিদা বলেন, আমি যখন থেলে অনুভব করেছি তার বন্ধুবান্ধব বেশি হয়ে গেছে বা হয়ে যেতে পারে ঠিক তখন থেকেই আমাদের প্রতিরোধ ছিল। হুট করেই শুনলাম একটা সিনিয়র গ্রুপ তার সাথে মিশছে। যেহেতু আমার ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোলে কোলে বড় হয়েছে তার কাছে সিনিয়র-জুনিয়র বোধটাই নাই। ও মনে করতো সবাই ওর ভাই। সবাই ওর আপন। ওর বাইকের ফেসিনেশন ছিল না। আমার বাসায়ও স্কুটি ছিল। কখনোই তাকে বাইক বা স্কুটি নিয়ে বাড়াবাড়ি দেখিনি। সম্প্রতি তার বাইকে আগ্রহটা তৈরি হয়েছে। কেউ হয়তো তাকে পুশ করে তৈরি করেছে।

তিনি আরও বলেন, আমার ছেলেকে তাদের সাথে জড়িয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেও তাদেরই একজন। অথচ আমার ছেলে নিষ্পাপ, ছোট বাচ্চা। সে এসবের কিছুই বোঝে না। আমি শুধু আমার ছেলের জন্য বিচার চাই না। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তারা জেল থেকে বের হলে আরও কত বাচ্চার জীবন নেবে, কত বাচ্চার জীবন ধ্বংস করবে, সেটা নিয়েও আমি চিন্তিত। আমি চাই, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।