...|...|...

চট্টগ্রাম

অনুপ্রবেশের সময় মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

কক্সবাজার প্রতিনিথি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, দুপুর ১:০৯ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৪:৩৪
Shares
অনুপ্রবেশের সময় মিয়ানমারের  জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় দেশটির নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে একজন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য এবং অপর দুজন মিয়ানমারের জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানা গেছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বরফকলসংলগ্ন নাফ নদী থেকে তাদের আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের পরিচয় নিশ্চিত করে রাতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে বিজিবি।

মঙ্গলবার (২১ জুলাই) তাদের কক্সবাজার আদালতে পাঠানোর কথা রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, পুলিশ সদস্য হেইন জাও এবং বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি ইউনিটের সদস্য কিয়াও নাইং।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের পর টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন টেকনাফ বিওপির সদস্যরা ওই তিনজনকে আটক করেন। পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর রাতে থানায় হস্তান্তর করা হয়।

পুলিশের তথ্যমতে, আটক তিনজন দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যের আরাকান আর্মি (এএ) নিয়ন্ত্রিত এলাকায় বন্দী ছিলেন। সেখান থেকে পালিয়ে তারা নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন বলে জানা গেছে।

ওসি মো. সাইফুল ইসলাম আরও জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক তিন মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।