...|...|...

বিশ্ব

আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহতসহ হতাহত শতাধিক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০৩
Shares
আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহতসহ হতাহত শতাধিক

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

কুনারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মৌলভি সামিউল হক জানান, প্রদেশের আন্দর সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে বিস্ফোরণ ঘটে। বাড়িটির মালিকেরা খনি উত্তোলন কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। সেখানে খনির কাজে ব্যবহৃত বিস্ফোরক মজুত রাখা হয়েছিল।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আবদুল মতিন কানি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অবহেলা ও অসতর্কতার কারণে বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে তদন্তকারী দল কাজ করছে।

লোহা, তামা, সোনা, কয়লা ও মূল্যবান পাথরসহ বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ আফগানিস্তান। দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প খনি খাত। তবে খনি উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশেও সাম্প্রতিক সময়ে মূল্যবান পাথর উত্তোলনের কার্যক্রম বেড়েছে।

এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রেনেড হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।