...|...|...

বিশেষ প্রতিবেদন

রাসায়নিকের গুদামে বন্দি পুরান ঢাকার জীবন

৭ গুণ ব্যয় বেড়ে হাজার কোটির কেমিক্যাল প্রকল্প ; ১৬ বছরেও মেলেনি মুক্তি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫৪
Shares
রাসায়নিকের গুদামে বন্দি পুরান ঢাকার জীবন

ছবি: টাইমস টুডে

বুড়িগঙ্গার তীরে প্রায় ৪০০ বছর আগে গড়ে ওঠে আজকের রাজধানী ঢাকা। বর্তমানে এই নগরে বসবাস করেন প্রায় সাড়ে তিন কোটি মানুষ। সকাল থেকে রাত, এমনকি ঘুমের মধ্যেও নানা ঝুঁকি আর আতঙ্কে দিন কাটে নগরবাসীর। বছরের পর বছর এভাবেই চলছে তাদের জীবন।

রাজধানীর একেক এলাকার সমস্যা একেক রকম। তবে পুরান ঢাকার পরিস্থিতি আরও ভয়াবহ। দিনের বেলায় এখানকার সরু গলিগুলো দেখলে আর দশটা ব্যস্ত এলাকার মতোই মনে হয়। অথচ এসব গলির অনেক ভবনের নিচতলায় রয়েছে দাহ্য রাসায়নিকের গুদাম।

চকবাজার ও আরমানিটোলার সরু গলিতে রিকশা আর ঠেলাগাড়ির ভিড়ের মধ্যেই ঢুকে পড়ে রাসায়নিকবাহী ভ্যান ও পিকআপ। প্রকাশ্যেই চলে রাসায়নিক ওঠানো-নামানোর কাজ।

প্লাস্টিকের ড্রাম ও বস্তায় ভরে এসব দাহ্য রাসায়নিক রাখা হচ্ছে ভবনের নিচতলায়। আর সেই ভবনের ওপরের তলাতেই চলছে অসংখ্য পরিবারের সংসার। বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি নিয়েই বছরের পর বছর বসবাস করছেন তারা।

​সংশ্লিষ্টরা বলছেন, পুরান ঢাকার প্রায় ১৫ হাজার আবাসিক ভবন এখন আর কেবল ইট-পাথরের বসতবাড়ি নয়, দিনের আলোতেই একেকটি জীবন্ত টাইম বোমা। সামান্য একটি আগুনের ফুলকি কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিটই মুহূর্তে নিভিয়ে দিতে পারে হাজারো প্রাণ, ফিরিয়ে আনতে পারে নিমতলী কিংবা চুড়িহাট্টার সেই ভয়াবহ দিন।

​টাইমস টুডের অনুসন্ধানে উঠে এসেছে, পুরান ঢাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় দুই হাজারেরও বেশি রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম অথচ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বৈধ ট্রেড লাইসেন্স আছে মাত্র আড়াই হাজার প্রতিষ্ঠানের। বাকি সাড়ে বাইশ হাজার গুদামই চলছে প্রশাসনের নাকের ডগায়, কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই। একটি বেসরকারি সংস্থার জরিপ বলছে, প্রায় পচিশ হাজার গুদামের মধ্যে প্রায় পনেরো হাজারেরই অবস্থান আবাসিক বাসাবাড়িতে।

​সরেজমিনে চকবাজার, আরমানিটোলা, লালবাগ, বংশাল ও কোতোয়ালি ঘুরে দেখা গেছে, সরু গলির দুই পাশের ভবনগুলোর নিচতলায় সারি সারি প্লাস্টিকের ড্রাম ও বস্তায় ঠাসা রাসায়নিক। ওপরের তলায় বসবাস করছেন সাধারণ পরিবার।

​গুদামগুলোর ঠিক মাথার ওপরেই মাকড়সার জালের মতো ঝুলছে এলোমেলো বৈদ্যুতিক তার। ঘনবসতিপূর্ণ এসব ভবনে গ্লিসারিন, সোডিয়াম অ্যানহাইড্রোস, সোডিয়াম থায়োসালফেট, হাইড্রোজেন পার অক্সাইড, মিথাইল ইথাইল কিটোন, থিনার ও আইসোপ্রোপাইল অ্যালকোহলের মতো অতি-দাহ্য রাসায়নিক মজুত রাখা হচ্ছে। সামান্য আগুনের ছোঁয়া, শর্ট সার্কিট বা অতিরিক্ত তাপ লাগলেই মুহূর্তের মধ্যে ঘটতে পারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড।

​তথ্য বলছে, ২০১০ সালের ৩ জুন নিমতলী ট্র্যাজেডিতে ১২৪ জন এবং ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন মানুষের প্রাণহানির পর প্রতিবারই প্রশাসন নড়েচড়ে বসেছিল। ​চুড়িহাট্টা তদন্ত কমিটির অন্যতম সুপারিশ ছিল আবাসিক এলাকায় যেকোনো ধরনের রাসায়নিকের দোকান ও গুদাম সম্পূর্ণ নিষিদ্ধ করা। কিন্তু ১৬ বছর পেরিয়ে গেলেও সেই সুপারিশ বাস্তবে কার্যকর হয়নি।

​প্রকল্প সংশ্লিষ্ট নথি ঘেঁটে দেখা যায়, ২০১৮ সালে কেরানীগঞ্জে ৫০ একর জমিতে ২০১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ‘বিসিক কেমিক্যাল পল্লী’ প্রকল্প অনুমোদন দেয় সরকার। চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের পর তা স্থানান্তর করে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩০৮ দশমিক ৩৩ একর জমিতে নেওয়া হয়। এতে প্রকল্পের ব্যয় সাত গুণেরও বেশি বেড়ে ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকায় পৌঁছেছে, আর মেয়াদ বেড়েছে কয়েক দফা। আগামী বছরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

​সম্প্রতি এক প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে, কেমিক্যাল প্রকল্পটি সিরাজদিখানে কাগজে-কলমে কাজের অগ্রগতি ৮৩ শতাংশ দেখানো হলেও গ্যাস, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং পরিবেশ সুরক্ষায় জরুরি কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) এখনো পুরোপুরি প্রস্তুত নয়। ফলে ঝুলে আছে প্লট হস্তান্তর প্রক্রিয়া।

এ বিষয়ে বিসিক কেমিক্যাল পল্লী প্রকল্পের এক শীর্ষ ককর্মকর্তা টাইমস টুডেকে বলেন, ‘সিরাজদিখানে বিসিক কেমিক্যাল পল্লী প্রকল্পের ভূমি উন্নয়ন ও অবকাঠামোগত কাজের বড় অংশ সম্পন্ন হয়েছে এবং সার্বিক অগ্রগতি উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (ইটিপি), গ্যাস সংযোগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় চলছে। প্রয়োজনীয় ইউটিলিটি সেবাগুলো চূড়ান্ত করে নির্ধারিত সময়ের মধ্যেই ব্যবসায়ীদের কাছে প্লট হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে পুরান ঢাকার রাসায়নিক গুদামগুলো নিরাপদ পরিবেশে স্থানান্তর করা সম্ভব হয়।’

​অন্যদিকে, সাময়িক ব্যবস্থা হিসেবে শ্যামপুর ও টঙ্গীতে তৈরি অস্থায়ী গুদামগুলোয় জায়গার স্বল্পতা এবং ব্যবসায়িক চেইন ভেঙে যাওয়ার অজুহাতে ব্যবসায়ীরা সেখানে যেতে অনীহা দেখাচ্ছেন।

​আরমানিটোলার সবুজ মসজিদ এলাকা থেকে মিটফোর্ডের দিকে এগোলেই বাতাসে ভেসে আসে তীব্র, ঝাঁঝালো রাসায়নিক গন্ধ। প্রথমবার যারা এই সরু গলিগুলোতে ঢোকেন, তাদের চোখে জল আসে, শ্বাস নিতে কষ্ট হয়।

​স্থানীয় ব্যবসায়ী মিজু ইসলাম টাইমস টুডেকে বলেন, ‘এখানকার দোকানগুলোতে প্রায় শত আইটেমের কেমিক্যাল পাওয়া যায়, যেগুলোর বড় ব্যবহার হয় কাপড় বা গার্মেন্টস ওয়াশিংয়ের কাজে। ​ওয়াশিং বা শিল্পকাজের কথা বলে বিক্রি হওয়া এসব রাসায়নিকের ড্রাম ও ক্যান যখন সরু রাস্তা দিয়ে ওঠানামা করানো হয়, তখন বাতাসে ছড়িয়ে পড়া বাষ্প পুরো এলাকাকে ঢেকে রাখে।

​আরমানিটোলায় বসবাস করা স্থানীয় বাসিন্দা মামুন হতাশা প্রকাশ করে বলেন, ‘এ নিয়ে অভিযোগ করে লাভ নেই। এটি সয়ে নিয়েই থাকতে হচ্ছে।’

​একই সুর মিটফোর্ড ও আরমানিটোলা সংলগ্ন সড়কে যাতায়াতকারী শ্রমজীবীদের মুখে। রিকশাচালক রমিজ বলেন, ‘পেট তো বাঁচাতে হবে। দু-চারদিন এই এলাকায় থাকলে গন্ধ সয়ে যায়; তাই মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই।’

​চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই গন্ধ সয়ে যাওয়াকে বড় বিপদের সংকেত হিসেবে দেখছেন।

​এ বিষয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর’বি)-এর নির্বাহী পরিচালক অধ্যাপক তাহমিদ আহমেদ জানান, দূষিত বা রাসায়নিক বাষ্পমিশ্রিত বাতাসের সবচেয়ে বড় ঝুঁকিতে থাকে শিশুরা। বয়স্কদের তুলনায় শিশুরা মিনিটে অনেক বেশিবার শ্বাস নেয় এবং উচ্চতা কম হওয়ায় নিচের স্তরের ঘন দূষিত বাতাস বেশি গ্রহণ করে, যা তাদের অপরিপক্ব শরীর ও স্নায়ুতন্ত্রের বিকাশে মারাত্মক ক্ষতি করতে পারে। ঘনবসতিপূর্ণ এলাকায় যখন বাতাসে তীব্র রাসায়নিক গন্ধ ছড়ায় এবং মানুষ তা সয়ে নেওয়ার কথা বলে, তখন সেটি আসলে দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ, ফুসফুস ও স্নায়ুর ক্ষতির নীরব সতর্কবার্তা। তাই বায়ুদূষণ ও রাসায়নিক ঝুঁকিকে কেবল পরিবেশগত নয়, জরুরি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

​সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বড় কোনো অগ্নিকাণ্ডের পর কয়েক দিন প্রশাসনের তোড়জোড় দেখা যায়। কিছু গুদামে তালা ঝোলানো হয়, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণাও আসে। কিন্তু পরিস্থিতি একটু শান্ত হলেই প্রকাশ্যে ভ্যান আর পিকআপে ফের শুরু হয় মালামাল ওঠানামা।

​চকবাজারের বাসিন্দা মোফাজ্জল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আগুন লাগলে বড় বড় কথা শোনা গেলেও মাস যেতে না যেতে আগের অবস্থাই ফিরে আসে। দিনের পর দিন চোখের সামনে দিয়েই কেমিক্যাল ঢোকে। স্থানীয় বাড়িওয়ালাদের বেশি ভাড়ার লোভ আছে; গোডাউন হিসেবে বেশি ভাড়া দিলেও আমরা থাকি মৃত্যুর মুখে।’

​লালবাগের বাসিন্দা মোহাম্মদ আলী চৌধুরী টাইমস টুডেকে বলেন, ‘এই জায়গাগুলোর গলি অত্যন্ত সরু, গাড়ি থাকে সড়কের মাথায়। একটা রিকশা অনেক সময় বের হতে কষ্ট হয়। অথচ বাড়ির নিচে থিনার, অ্যালকোহল আর প্লাস্টিকের বস্তা। প্রশাসন সবই জানে, হাত দিতে চায় না কেউ।’

চকবাজারের ব্যবসায়ী আব্দুল্লাহ আল মতিন বলেন, নিমতলী ট্র্যাজেডির পর সরকার আমাদের জন্য আলাদা কেমিক্যাল জোন করার কথা বলেছিল। কিন্তু আজও আমরা সেই জায়গা বুঝে পাইনি। যে নিরাপদ পরিবেশে এ ব্যবসাটা করা উচিত, তা আমরা গড়ে তুলতে পারছি না। নির্দিষ্ট বিসিক এলাকায় স্থানান্তর করা হলে ঝুঁকি অনেকটাই কমে আসবে।’

​কেমিক্যাল অ্যাসোসিয়েশন সংশ্লিষ্টরা টাইমস টুডেকে বলেন, আবাসিক এলাকায় ঝুঁকি নিয়ে ব্যবসা করতে চান না কোনো ব্যবসায়ী। সরকারি নতুন কেমিক্যাল পল্লীতে পুরোপুরি অবকাঠামো প্রস্তুত হলেই এখান থেকে সরে যাবে। তবে বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে হঠাৎ অভিযান চালালে ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়বেন।

​পুরান ঢাকার অগ্নিঝুঁকি কমাতে ফায়ার সার্ভিস ছয় দফার বিস্তারিত সুপারিশ দিয়েছিল। এর মধ্যে নির্ধারিত শিল্পাঞ্চলে গুদাম সরিয়ে নেওয়া, আবাসিক ভবনের লাইসেন্স বাতিল, ভবন নির্মাণ বিধিমালা (বিএনবিসি) মেনে চলা, মোড়ে মোড়ে ফায়ার হাইড্রেন্ট বসানো, পুকুর ও প্রাকৃতিক জলাশয় রক্ষা করা, সরু গলিতে ঢোকার উপযোগী ছোট উদ্ধারকারী দল গঠন এবং গ্যাস ও বিদ্যুৎ লাইন নিয়মিত সংস্কারের কথা বলা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময়েও এর বেশিরভাগ দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

​ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আবাসিক ভবনে অবৈধভাবে দাহ্য ও রাসায়নিক দ্রব্য মজুত রাখা আইনত দণ্ডনীয় এবং বড় দুর্ঘটনা এড়াতে এসব গোডাউন নির্ধারিত শিল্পাঞ্চলে সরিয়ে নেওয়া জরুরি। প্রতিটি ভবনে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও পর্যাপ্ত পানির উৎস নিশ্চিত করতে ভবন মালিক ও ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

​এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা টাইমস টুডেকে বলেন, পুরান ঢাকার ঘনবসতি ও সরু গলিতে দাহ্য রাসায়নিকের মজুত বড় ধরনের অগ্নিদুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা নিয়মিত অগ্নি-নিরাপত্তা পরিদর্শন, সচেতনতা কার্যক্রম এবং ভবন মালিকদের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দিচ্ছি। তবে স্থায়ীভাবে ঝুঁকি কমাতে হলে আবাসিক ভবন থেকে কেমিক্যাল গুদাম নির্ধারিত শিল্পাঞ্চলে স্থানান্তর, পানির উৎস সংরক্ষণ এবং সরু গলিতে দ্রুত সাড়া দেওয়ার মতো সমন্বিত নাগরিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ বাস্তবায়ন করা জরুরি।

​অবৈধ গুদামের ট্রেড লাইসেন্স বাতিল ও ভবনের নকশা-বহির্ভূত ব্যবহার তদারকির মূল দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)।

​এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান টাইমস টুডেকে বলেন, আবাসিক ভবন বা অনুমোদনহীন স্থানে রাসায়নিক গুদাম পরিচালনার বিরুদ্ধে সিটি করপোরেশনের অবস্থান কঠোর। আমরা নতুন লাইসেন্স দিচ্ছি না এবং নবায়নও স্থগিত রেখেছি। নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে লাইসেন্সবিহীন বিপুলসংখ্যক গুদাম স্থায়ীভাবে সরাতে এবং ভবনের ব্যবহার পরিবর্তন রোধে রাজউক, বিস্ফোরক পরিদপ্তর, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ ও ধারাবাহিক অভিযান অপরিহার্য।

​এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম  টাইমস টুডেকে বলেন, অনুমোদিত আবাসিক নকশার ব্যত্যয় ঘটিয়ে যেসব ভবনে বাণিজ্যিক বা দাহ্য রাসায়নিকের গুদাম গড়ে তোলা হয়েছে, সেগুলো আইনত দণ্ডনীয় এবং জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আমরা নিয়মিত জরিপ ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নকশা-বহির্ভূত ব্যবহার চিহ্নিত করে নোটিশ ও উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আবাসিক ভবনকে নিরাপদ রাখতে বাড়িওয়ালাদেরও আইন মানতে হবে এবং নকশার বাইরে বাণিজ্যিক গুদাম ভাড়া দেওয়া থেকে বিরত থাকতে হবে।

​ঝুঁকিপূর্ণ রাসায়নিক মজুত ও লাইসেন্সিং তদারকির আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা বিস্ফোরক পরিদফতর। এ বিষয়ে বিস্ফোরক পরিদফতরের প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. শামিম ফেরদৌস  টাইমস টুডেকে বলেন, দাহ্য তরল বা বিপজ্জনক রাসায়নিক মজুত ও পরিবহনে বিস্ফোরক আইন ও বিধিমালা অনুযায়ী নির্দিষ্ট নিরাপত্তা মানদণ্ড ও লাইসেন্স অনুসরণ বাধ্যতামূলক। ঘনবসতিপূর্ণ আবাসিক ভবনে অনুমোদন ছাড়া বা নিরাপত্তা বিধি না মেনে রাসায়নিক সংরক্ষণ করা হলে তা বড় বিস্ফোরণের কারণ হতে পারে। আমরা নিয়মিত পরিদর্শন ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যুক্ত রয়েছি এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

​নগর পরিকল্পনাবিদ, অগ্নি-নিরাপত্তা বিশেষজ্ঞ ও সুশাসন বিশ্লেষকদের মতে, পুরান ঢাকার সংকট আর কেবল দুর্ঘটনার নয়। এটি সরকারি সংস্থাগুলোর অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার ফল। আবাসিক ভবনের নিচতলায় দাহ্য তরল ও রাসায়নিক মজুত রাখা মানে একটি ভবনের ভেতরেই বিস্ফোরক পুঁতে রাখা। সরু গলি, পানির উৎস কমে যাওয়া এবং ঝুলন্ত বৈদ্যুতিক তারের কারণে আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।

​এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ এবং ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান টাইমস টুডেকে বলেন, আবাসিক ভবনের নিচতলায় অতি-দাহ্য রাসায়নিক মজুত রাখা নগর পরিকল্পনা ও ইমারত নির্মাণ বিধিমালার চরম লঙ্ঘন। নিমতলী ও চুড়িহাট্টার মতো ভয়াবহ ট্র্যাজেডির পরও সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও বাড়িওয়ালাদের অতিরিক্ত ভাড়ার লোভের কারণে পুরান ঢাকাকে ঝুঁকিমুক্ত করা যায়নি। বিসিক কেমিক্যাল পল্লী দ্রুত সচল করার পাশাপাশি আবাসিক এলাকায় বাণিজ্যিক ও রাসায়নিক গুদামের ব্যবহার বন্ধে রাজউক, সিটি করপোরেশন ও বিস্ফোরক পরিদফতরের কঠোর যৌথ অভিযান এখন সময়ের দাবি।

​নিমতলী ও চুড়িহাট্টার পর গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং ফায়ার সার্ভিসের ছয় দফা প্রস্তাব বাস্তবায়নে ডিএসসিসি, রাজউক, বিসিক, ওয়াসা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তদারকি জরুরি বলে মনে করছেন বলছেন সংশ্লিষ্টরা।