পেট্রোবাংলার কাছে দীর্ঘদিন থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বড় অংকের বকেয়া পাওনা রয়েছে। এনিয়ে সরকারি দুই প্রতিষ্ঠানের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ঝুলে থাকা এই অমীমাংসিত বকেয়া আদায়ে অপারগ হয়ে একাউন্ট ফ্রিজের হুমকির মাধ্যমে ৩৫৪২ কোটি টাকা পরিশোধের প্রতিশ্রুতি পেয়েছে। এনবিআরের বকেয়ার একটি অংশ যেকোনো দিন পেট্রোবাংলা পরিশোধ করবে এমন অঙ্গীকারের বদৌলতে একাউন্ট ফ্রিজের চিঠি জারির তিন দিন পর তা প্রত্যাহার করে নিয়েছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) ভ্যাট ইউনিট।
জানা গেছে, গত ১৮ নভেম্বর এলটিইউ থেকে পেট্রোবাংলার একাউন্ট ফ্রিজের চিঠি জারি করা হয়। কিন্তু এরই মাঝে পেট্রোবাংলা সরকারি নির্বাহী বিভাগের দ্বারস্থ হলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন নীতিনির্ধারকরা। সেই বৈঠকে বকেয়ার একটি অংশ পরিশোধের প্রতিশ্রুতির বদৌলতে একাউন্ট ফ্রিজের কার্যক্রম বন্ধ করতে বলা হয়। এ প্রেক্ষিতে ২২ নভেম্বর একাউন্ট ফ্রিজের নির্দেশনা প্রত্যাহার করে নেয় এনবিআর। এজন্য শিগগিরই এনবিআরের বকেয়া প্ররিশোধ করতে অংশীজনদের চিঠি দিয়েছে পেট্রোবাংলা।
তথ্য মতে, এলটিইউয়ের কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার স্বাক্ষরিত একটি চিঠি ১৮ নভেম্বর জারি করা হয়। মূল্য সংযোজন কর (মূসক) আইন ১৯৯১ এর ৫৬(১)(খ) এও এর অধীনে প্রণীত বিধিমালার ৪৩ ধারা অনুযায়ী সরকারি রাজস্ব আদায়ের উদ্দেশে ব্যাংক একাউন্ট ফ্রিজ (অপরিচালনযোগ্য) করার ওয়ারেন্ট জারি করা হয়। এলক্ষ্যে, ৩১টি ব্যাংকের ৩৭টি শাখার কর্তাব্যক্তিদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ তৈল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) জুলাই ২০০৯ থেকে জুলাই ২০২১ পর্যন্ত সময়ে মূসক ও সম্পূরকম শুল্ক বাবদ এনবিআরের নিকট নিরঙ্কুশ বকেয়া রাজস্বের পরিমাণ ৮৯৪৭.৭৮কোটি টাকা। যেহেতু পেট্রোবাংলা অদ্যবধি এই বকেয়া পরিশোধ করে নাই সেহেতু এতদ্বারা আপনাকে ক্ষমতা ও নির্দেশ দেওয়া যাচ্ছে যে, আপনি আপনার আওতাধীন সকল ব্যাংকে আলোচ্য প্রতিষ্ঠানের সকল একাউন্ট অপরিচালনযোগ্য এবং ৭ দিনের মধ্যে বা সাথে সাথে উক্ত টাকা পরিশোধ করা না হলে একাউন্টে জমাকৃত অর্থ হতে যতটুকু পাওনা রয়েছে তা সরকারি কোষাগারে জমা করবেন। ওয়ারেন্ট কার্যকরী করার পর অব্যবহিত পরই ওয়ারেন্ট অনুযায়ী আপনি যা করেছে এবং যে পাওনা আদায় হয়েছে তা উল্লেখ করে ওয়ারেন্ট প্রত্যার্পণ করবেন।
সূত্র জানায়, এনবিআরের এই চিঠি জারির পর পেট্রোবাংলার পক্ষ থেকে সরকারের সর্বোচ্চ মহলে যোগাযোগ করা হলে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সমাধান করতে বলে হয়। এ প্রেক্ষিতে ২২ ডিসেম্বর পেট্রোবাংলা, এনবিআর, অর্থ মন্ত্রণালয়সহ অন্যান্য অংশীজনের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে থেকেই পেট্রোবাংলা তার সমূদয় বকেয়া হতে ৩৫৪২ কোটি টাকা পরিশোধের অঙ্গীকার করে, ফলে এনবিআরের পক্ষ থেকে একাউন্ট ফ্রিজের কার্যক্রম স্থগিত করে চিঠি প্রত্যাহার করা হয়। পরে পেট্রোবাংলার পক্ষ থেকে তাৎক্ষণিক তিতাস, জালাবাদ, বাখরাবাদ ও কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিকে টাকা পরিশোধের জন্য চিঠি দেওয়া হয়েছে। এই চারটি কোম্পানি থেকে টাকা পাওয়া মাত্র যেকোনো দিন এনবিআরের পাওনার একটি অংশ পরিশোধ করবে পেট্রোবাংলা।
এ বিষয়ে পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান টাইমস টুডেকে বলেন, এনবিআরের পাওনার একটি অংশ ৩৫৪২ কোটি টাকা পরিশোধের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ঠ কোম্পানিগুলো জানানো হয়েছে। টাকা পাওয়া মাত্র শিগগির বকেয়া পাওনা পরিশোধ করা হবে।
তিনি আরও বলেন, এনবিআর গত ১৮ নভেম্বর পেট্রোবাংলার একাউন্ট ফ্রিজের চিঠি দেয়। তিনদিন পরে ২২ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হলে এনবিআরের পক্ষ থেকে পেট্রোবাংলার একাউন্ট ফ্রিজের নির্দেশনা প্রত্যাহারও করা হয়।
এনবিআরের নথি থেকে জানা গেছে, জুলাই ২০০৯ থেকে মার্চ ২০১৪ পর্যন্ত এনবিআরের পাওনা, ১৩,০৩৬ কোটি টাকা, এপ্রিল ২০১৪ হতে জানুয়ারি ২০১৫ পর্যন্ত পাওনা ২,২৬২ কোটি টাকা, জানুয়ারি ২০১৫ থেকে জুন ২০১৭ পর্যন্ত উপকরণ কর বিধি বহির্ভূত বকেয়া রাজস্বে সঙ্গে সমন্বয় বাবদ ১০৭৫ কোটি টাকা, মার্চ ২০১৭ থেকে সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত সাপোর্ট ফর শর্টফলের জন্য ১৮২৫ কোটি টাকা, জানুয়ারি ২০১৯ থেকে নভেম্বর ২০২০ পর্যন্ত রেয়াত বাতিল সংশ্লিষ্ট ৩২০১ কোটি টাকা ও ডিসেম্বর ২০২০ থেকে জুলাই ২০২১ পর্যন্ত ৭৮৩ কোটি টাকাসহ সর্বমোট ২২৫৮৪ কোটি টাকা বকেয়া পাওনা এনবিআরের। এর মধ্যে ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে পেট্রবাংলা এনবিআরকে ৫০০০ কোটি টাকা করে পরিশোধ করে। ২০২৫-২৬ অর্থবছরে পরিশোধ করে ৩২৭৮ কোটি টাকা এবং সেবছরই ৩৫৮ কোটি টাকা পরিশোধ করে। সর্বমোট ৮৯৪৭ কোটি টাকা পেট্রোবাংলার কাছে এনবিআরের পাওনা রয়েছে।
বকেয়া রাজস্ব উদ্ভবের কারণ সম্পর্কে নথিতে বিস্তারিত উল্লেখ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে গ্যাস উৎপাদনের জন্য সরকার মালিকাধীন কোম্পানির পাশাপাশি বেসরকারি মালিকানাধীণ কোম্পানিও নিয়োজিত রয়েছে। তৎকালীন সময়ে উৎপাদিত মোট গ্যাসের প্রায় ৪৫ শতাংশ সরকার মালিকানাধীন এবং প্রায় ৫৫ শতাংশ বিদেশি মালিকানাধীন কোম্পানি সমূহ উৎপাদন করত। উৎপাদিত সকল গ্যাস পেট্রোবাংলার অধীনে গঠিত ৬টি গ্যাস বিতরণকারী কোম্পানির মাধ্যমে সকল ধরনের গ্রাহকের নিকট বিক্রয় করা হতো। বিদেশি মালিকানাধীণ কোম্পানি সমূহকে বিনিয়োগে আকৃষ্ট করার লক্ষ্যে অভ্যান্তরীণ সম্পদ বিভাগ ১৯৯৩ সালে এসআরও জারি করে সরবরাহকৃত গ্যাসের উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে মুসক ও সম্পূরক শুল্ক মওকুফ করা হয়। এই আদেশের বলে উৎপাদনের পর ছয়টি কোম্পানির কাছে গ্যাস সরবহারের ক্ষেত্রে মূসক ও সম্পূরক শুল্ক প্রদান করতে হয় না। কিন্তু গ্রাহক পর্যায়ে বিতরণের সময় মূসক ও সম্পূরক মওকুফ নয়। গ্যাস বিতরণকারী কোম্পানিসমূহ গ্রাহকের কাছ থেকে গ্যাস সরবরাহের বিপরীতে মুসক ও সম্পূরক শুল্ক আদায় করে পেট্রোবাংলার নিকট জমা প্রদান করে থাকে। পেট্রোবাংলা উক্ত রাজস্বের ৫৫ শতাংশ সরকারি রাজস্ব খাতে জমা প্রদান করেনি। ফলে ২০০৯ সালের জুলাই মাস হতে ২০১৫ সালের মার্চ মাস পর্যন্ত রাজস্ব বকেয়া বাবদ ১৩,২৭৮ কোটি টাকা আদায়ের জন্য ৪টি বিতরণ কোম্পানির বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়ের করা হয়।
অন্যদিকে এপ্রিল ২০১৪ হতে জানুয়ারি ২০১৫ পর্যন্ত সময় সকল ধরনের গ্রাহকের নিকট হতে মূসক ও সম্পূরক শুল্ক আদায় করে পেট্রোবাংলা সরকারি কোষাগারে জমা প্রদান করেনি। ফলে ২৬৬২ কোটি টাকা বকেয়ার সৃষ্টি হয়।
চিঠিতে আরও বলা হয়, উপকরণ কর বিধি-বহির্ভূতভাবে বকেয়া রাজস্বের সাথে সমন্বয় করায় রেয়াত বাতিল করা হয়েছে ১০৭৫.৩৫ (এক হাজার পচাত্তর দশমিক তিন পাঁচ) কোটি টাকা। গ্যাসের বর্ধিত মূল্যের ওপর সম্পূরক শুল্ক ও মূসক পরিশোধ না করায় বকেয়া পাওনার উৎপত্তি হয়েছে। গ্যাসের বর্ধিত মূল্যের (সাপোর্ট ফর শর্টফল) ওপর মূসক ও সম্পূরক শুল্ক বাবদ ১৮২৫ কোটি টাকা পরিশোধ না করায় তা আদায়ের লক্ষ্যে মূল্য সংযোজন আইন অনুযায়ী মামলা দায়ের করে এনবিআর।
জানুয়ারি ২০১৯ হতে অক্টোবর ২০১৯ পর্যন্ত সময়ে বিধিবদ্ধ রেজিস্টারে (ক্রয় রেজিস্টার, চলতি হিসাব রেজিস্টার) ক্রয় হিসাব লিপিবদ্ধ না করে এবং নির্ধারিত সময়ের পরে ১০০৭ কোটি টাকা রেয়াত গ্রহণ করায় তা বাতিলপূর্বক দাবীনামা জারি করা হয়। এ ছাড়া মার্চ ২০২০ হতে নভেম্বর ২০২০ সময়ে পেট্রোবাংলা ভর্তুকি মূল্যে অর্থাৎ ক্রয়মূল্য থেকে কম মূল্যে গ্যাস সরবরাহ করে, এক্ষেত্রে উপকরণ কর রেয়াত বৈধ না হওয়া সত্ত্বেও বিধিবর্হিভূতভাবে ২১৯৪ কোটি টাকা রেয়াত গ্রহণ করা হলে সেজন্য দাবিনামা জারি করে এনবিআর। ডিসেম্বর ২০২০ হতে জুলাই ২০২১ পর্যন্ত সময়ে পেট্রোবাংলা দাখিলপত্র যাচাইয়ে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি নীট প্রদেয় মুসকের তুলনায় কম ট্রেজারি জমা করার কারণে ৯৯৪ কোটি টাকা বকেয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে ৯৯৪.২৫ কোটি টাকার মধ্যে ২১১.০৬ কোটি টাকা জমা দেওয়ায় পাওনা ৭৮৩.১৯ কোটি টাকা বকেয়া রয়েছে। ফলে পেট্রোবাংলার নিকট বৃহৎ করদাতা ইউনিটের পাওনা দাঁড়ায় ২২,৫৮৪.৫৪ কোটি টাকা।
এরসাথে ২৪ মাসের সুদ যুক্ত করলে পরিমাণ দাঁড়াবে ২৬০৫০কোটি টাকা। কিন্তু এনবিআর সুদ মওকুফ করে দেওয়ায় পেট্রোবাংলাকে পাওনা পরিশোধ করলেই হবে বলে জানা গেছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান টাইমস টুডেকে বলেন, দুই থেকে তিন দিনের মধ্যেই এনবিআরের বকেয়া পরিশোধ করে দেব। একাউন্ট ফ্রিজের বিষয়টা সত্য, তবে সেটার সমাধান হয়ে গেছে।

