একদিকে দেশের সরকারি হাসপাতালগুলোর বারান্দা থেকে ওয়ার্ড সর্বত্র রোগীর উপচে পড়া ভিড় অন্যদিকে সঠিক রোগ নির্ণয়, নির্ভরযোগ্য চিকিৎসা ও আস্থার খোঁজে প্রতিদিনই দেশ থেকে বিদেশে পাড়ি দিচ্ছেন লক্ষ লক্ষ মানুষ।
চিকিৎসার জন্য ভিসা ও পাসপোর্টের দীর্ঘ লাইন এখন আর কেবল বিত্তশালীদের বিলাসিতা নয় বরং দেশের চিকিৎসাব্যবস্থার সীমাবদ্ধতা, সেবার মান নিয়ে অসন্তোষ এবং আস্থার সংকটের প্রতিফলন। আর রোগীদের এই বিদেশমুখী স্রোতের সঙ্গে প্রতিবছর দেশ থেকে বেরিয়ে যাচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা যা অর্থনীতি ও জাতীয় স্বাস্থ্যখাতের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে।
বাজেটের সমপরিমাণ
বিদেশে চিকিৎসাসেবা নিতে গিয়ে প্রতিবছর বাংলাদেশ থেকে বেরিয়ে যাচ্ছে প্রায় ৫০০ কোটি মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ হাজার কোটি টাকা। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান এক বক্তব্যে এ বিপুল অর্থ ব্যয়ের তথ্য তুলে ধরেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারেও বিদেশে চিকিৎসার পেছনে বছরে প্রায় ৫ বিলিয়ন ডলার ব্যয়ের বিষয়টি উঠে আসে।
ডিসিসিআই তথ্যমতে, বাংলাদেশের স্বাস্থ্য খাতের দুর্বলতা, চিকিৎসাসেবার মান নিয়ে অনাস্থা এবং উন্নত চিকিৎসার সীমিত সুযোগের কারণে বিপুলসংখ্যক মানুষ বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, চলতি ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতের জন্য সরকার যে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকার বাজেট দিয়েছে বিদেশে চিকিৎসার পেছনে নাগরিকদের ব্যয় করা অর্থ তার প্রায় সমান। অর্থাৎ দেশের স্বাস্থ্য খাতে সরকার যে পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে, নাগরিকদের ব্যক্তিগত ব্যয় থেকে প্রায় সমপরিমাণ অর্থ চলে যাচ্ছে বিদেশের হাসপাতালগুলোতে।
কেন বাড়ছে বিদেশমুখী রোগীর সংখ্যা
চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পেছনে শুধু জটিল বা বিরল রোগের চিকিৎসার সীমাবদ্ধতা দায়ী নয়; বরং দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থার ঘাটতিও বড় কারণ। তারা বলছেন, অনেক রোগী দেশের ডায়াগনস্টিক রিপোর্ট কিংবা প্রাথমিক চিকিৎসা নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারেন না। তাই নির্ভুল রোগ নির্ণয় ও উন্নত চিকিৎসার আশায় তারা ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশে ছুটছেন।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৪ লাখ ৮২ হাজার বাংলাদেশি ভারতে চিকিৎসা নিয়েছেন। ভারতের মোট মেডিকেল ভিসার প্রায় ৫২ শতাংশই বাংলাদেশি রোগীদের দেওয়া হয় এবং রোগীর ৯২ শতাংশই যাচ্ছে ভারতে। বাকি ৮ শতাংশের প্রায় পুরোটাই যাচ্ছে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। খুব সামান্য অংশ যাচ্ছে পশ্চিমা দেশগুলোতে। বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের বেশির ভাগই ১৬-৫৫ বছরের মধ্যে কর্মক্ষম মানুষ, যা মোট রোগীর ৮৪ শতাংশ। রোগীদের অর্ধেকেরও বেশি, অর্থাৎ ৬১ শতাংশই পুরুষ, বাকি ৩১ শতাংশ নারী।
এসব দেশে তুলনামূলক উন্নত চিকিৎসা প্রযুক্তি, বিশেষায়িত হাসপাতাল, দ্রুত পরীক্ষা-নিরীক্ষা এবং সমন্বিত চিকিৎসাসেবার সুযোগ অনেক রোগীকে আকৃষ্ট করছে।
অন্যদিকে দেশের সরকারি হাসপাতালগুলোতে দীর্ঘ অপেক্ষা, রোগীর তুলনায় চিকিৎসক ও জনবলের স্বল্পতা, চিকিৎসা সরঞ্জাম অচল থাকা এবং পর্যাপ্ত সময় নিয়ে রোগী না দেখার অভিযোগ রয়েছে। ক্যানসার, জটিল হৃদরোগ, অঙ্গ প্রতিস্থাপন, স্নায়ুরোগ ও অর্থোপেডিকসের মতো বিশেষায়িত চিকিৎসায় সক্ষমতার ঘাটতিও বিদেশমুখী হওয়ার অন্যতম কারণ। এর পাশাপাশি চিকিৎসার খরচ নিয়ে অনিশ্চয়তা, হাসপাতালের বিলের স্বচ্ছতার অভাব, অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার মান নিয়ে সন্দেহ রোগীদের আস্থার সংকট আরও বাড়িয়ে তুলছে। ফলে অনেক ক্ষেত্রে দেশের চিকিৎসাব্যবস্থায় প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ থাকলেও আস্থার অভাবে রোগীরা বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।
স্বাস্থ্য খাতের দুর্বলতা ও আস্থার সংকট
বাংলাদেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৩ শতাংশ মানুষ নিজস্ব অর্থ থেকে বহন করেন এবং জনসংখ্যার মাত্র ২ দশমিক ৫ শতাংশ স্বাস্থ্যবিমার আওতায় রয়েছে। এসব সীমাবদ্ধতার কারণে চিকিৎসার আর্থিক ঝুঁকি সরাসরি রোগী ও পরিবারের ওপর এসে পড়ে। অনেক ক্ষেত্রে চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারগুলো সঞ্চয় ভেঙে ফেলছে, সম্পদ বিক্রি করছে কিংবা ঋণের বোঝায় জড়িয়ে পড়ছে।
আস্থা ফেরাতে প্রয়োজন কার্যকর উদ্যোগ
বিশেষজ্ঞদের মতে, বিদেশে চিকিৎসার ব্যয়ের এই প্রবণতা কমাতে হলে প্রথমেই দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। এজন্য জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও জনবল নিশ্চিত করার পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম সচল রাখতে হবে। ডায়াগনস্টিক ল্যাব ও হাসপাতালের সেবার মান নিয়ন্ত্রণে কার্যকর তদারকি এবং জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে চিকিৎসার মূল্য নির্ধারণে স্বচ্ছতা, রোগীর অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা এবং চিকিৎসক-রোগীর মধ্যে আস্থাপূর্ণ সম্পর্ক গড়ে তোলাও জরুরি।
বিশেষায়িত চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ক্যানসার, হৃদরোগ, কিডনি, স্নায়ুরোগ ও অঙ্গ প্রতিস্থাপনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা উন্নত করতে হবে। ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মান নিশ্চিত করা, স্বাস্থ্যবিমার পরিধি বাড়ানো এবং সরকারি-বেসরকারি বিনিয়োগের কার্যকর সমন্বয়ও প্রয়োজন।
আস্থা ফেরাতে প্রয়োজন সমন্বিত ও কার্যকর পরিবর্তন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ও স্বাস্থ্য অর্থনীতিবিদ সৈয়দ আবদুল হামিদ টাইমস টুডেকে বলেন, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতা কোনো একক কারণে তৈরি হয়নি ; এর পেছনে রয়েছে নানা কাঠামোগত ও ব্যবস্থাপনাগত দুর্বলতা।
চিকিৎসা নিয়ে অতিরিক্ত নেতিবাচক সংবাদ প্রচার এবং দায়িত্বশীল ব্যক্তিদের গণমাধ্যমকে সঙ্গে নিয়ে চিকিৎসকদের ভুলত্রুটি তুলে ধরার প্রবণতাও এ আস্থার সংকটকে আরও বাড়িয়ে তুলছে।
তিনি মনে করেন, সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের পর্যাপ্ত সময়ের অভাব এবং রোগীর সঙ্গে যথাযথ যোগাযোগ ও মানসিক সন্তুষ্টি নিশ্চিত করতে না পারাও আস্থাহীনতার অন্যতম কারণ। অনেক ক্ষেত্রে চিকিৎসা যথাযথ হলেও রোগী প্রত্যাশিত মনোযোগ ও সন্তুষ্টি পান না। অন্যদিকে, নিম্নমানের ডায়াগনস্টিক পরীক্ষার কারণে রোগ নির্ণয়ে ভুল হলে তার দায় শেষ পর্যন্ত চিকিৎসকের ওপর বর্তায় যদিও সমস্যার মূল কারণ থাকে পুরো স্বাস্থ্যব্যবস্থার ত্রুটিতে।
আবদুল হামিদের মতে, শুধু চিকিৎসার মান নয়, হাসপাতালের সামগ্রিক সেবার পরিবেশও রোগীর আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাসপাতালের পরিচ্ছন্নতা, অবকাঠামো ও সেবাব্যবস্থার দুর্বলতার পাশাপাশি মফস্বল ও দূর-দূরান্ত থেকে আসা রোগীদের নিরাপদ আবাসন, যাতায়াতের নিশ্চয়তা এবং হয়রানি থেকে সুরক্ষার অভাবও তাদের বিদেশমুখী হওয়ার প্রবণতা বাড়াচ্ছে। এর সঙ্গে বিদেশে চিকিৎসা নিতে উৎসাহিত করা বিভিন্ন দেশের স্থানীয় প্রমোটারদের গোপন প্রচারণাও সংকটকে আরও জটিল করে তুলছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশের চিকিৎসাসেবাকে ঢাকাকেন্দ্রিকতা থেকে বের করে বিভাগীয় শহরগুলোতে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষ করে ক্যান্সার, কিডনি ও বন্ধ্যত্বের (ইনফার্টিলিটি) মতো জটিল রোগের উন্নত চিকিৎসাসেবা ঢাকার বাইরেও নিশ্চিত করা প্রয়োজন।
তার মতে, শুধু হাসপাতালের ভবন নির্মাণ করলেই হবে না; সেগুলো কার্যকরভাবে চালুর জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ জনবল ও আধুনিক চিকিৎসাসুবিধা নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভারতের আদলে চট্টগ্রাম কিংবা কক্সবাজারে বেসরকারি উদ্যোগে আন্তর্জাতিক মানের ‘মেডিকেল হাব’ গড়ে তোলার সম্ভাবনাও রয়েছে। সেখানে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের যুক্ত করা কিংবা দেশীয় চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে দেশের রোগীদের জটিল চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন কমবে। পাশাপাশি চিকিৎসার সঙ্গে পর্যটনের সুযোগ যুক্ত করে এসব কেন্দ্রকে আন্তর্জাতিক চিকিৎসাসেবার গন্তব্য হিসেবেও গড়ে তোলা সম্ভব।

