বরফে ঢাকা আল্পস পর্বতমালার পাদদেশ। নভেম্বরের শেষ দিক। গন্তব্যে পৌঁছাতে তখনো প্রায় ১৫০ কিলোমিটার পথ বাকি। এরই মধ্যে বিকল হয়ে গেল পুরোনো জাগুয়ার গাড়িটির ইঞ্জিন। বিপাকে পড়লেন রাজীব গান্ধী।
ইংল্যান্ড থেকে এতটা পথ পাড়ি দিয়ে ইতালিতে এসেছেন তিনি। উদ্দেশ্য, ভালোবাসার মানুষটির বাবা-মায়ের সাথে দেখা করা। অথচ গন্তব্যের কাছাকাছি এসে থমকে গেল যাত্রা।
রাজীবকে এই বিপদ থেকে উদ্ধারে শেষ পর্যন্ত এগিয়ে এলেন এমন একজন মানুষ, যিনি একসময় তার সাথে মেয়ের সম্পর্কের কথা শুনেই ক্ষোভে টেবিলে মুষ্টাঘাত করেছিলেন। তিনি সোনিয়ার বাবা স্তেফানো মাইনো।
পরদিন সন্ধ্যায় সেই মানুষটিরই মুখোমুখি হলেন রাজীব। কোনো আনুষ্ঠানিক পোশাক নয়, সাধারণ জিনস, জার্সি আর জ্যাকেট পরেই হাজির হলেন প্রেমিকার বাড়িতে। অথচ জিনস পরা একেবারেই পছন্দ করতেন না স্তেফানো।
পোশাক নিয়ে আপত্তির সুযোগ থাকলেও প্রথম সাক্ষাতের পর রাজীব সম্পর্কে স্তেফানোর ধারণা বদলে যেতে শুরু করল। ছেলেটির আন্তরিকতা আর এতটা পথ পাড়ি দিয়ে আসার মধ্যে মেয়ের প্রতি গভীর ভালোবাসার পরিচয় খুঁজে পেলেন তিনি।
ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ (Belonging: A Journey of Love)-এ উঠে এসেছে রাজীবের সেই ইতালি সফরের গল্প। বইটি অবলম্বনে বিশেষ ধারাবাহিকের ষষ্ঠ পর্বে থাকছে দুর্গম পথ পেরিয়ে প্রেমিকার পরিবারের কাছে পৌঁছানো এবং কঠোর এক বাবার আস্থা অর্জনের সেই অধ্যায়।
ইতালি সফরের জন্য টাকা জমাচ্ছিলেন রাজীব
১৯৬৬ সাল। ইন্দিরা গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী। ইংল্যান্ডের পড়াশোনা ছেড়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন রাজীব। প্রকৌশলী হওয়ার পরিবর্তে বেসামরিক বিমানের পাইলট হিসেবে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সিদ্ধান্তও নিয়েছেন।
তবে ভারতে ফেরার আগে একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে চেয়েছিলেন তিনি। দেখা করতে চেয়েছিলেন সোনিয়ার বাবা-মায়ের সাথে।
ইতালির অরবাসানোতে ফিরে সোনিয়া এরই মধ্যে বাবার সাথে কথা বলেছেন। রাজীবের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন। মেয়ের মুখে রাজীবের ইতালি সফরের ইচ্ছার কথা শুনে এবার আর বাধা দেননি স্তেফানো।
তবে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। রাজীবকে বাড়িতে আসার অনুমতি দেওয়ার অর্থ এই নয় যে তাদের বিয়েতেও সম্মতি রয়েছে তার।
এতটুকু অগ্রগতিই তখন রাজীব-সোনিয়ার জন্য ছিল গুরুত্বপূর্ণ। যে সম্পর্কের কথা একসময় পরিবারের কাছে গোপন রাখতে হতো, এবার সেই সম্পর্ক নিয়ে সরাসরি আলোচনার সুযোগ তৈরি হয়েছে।
ইতালি যাওয়ার জন্য টাকা জমাতে শুরু করলেন রাজীব। সেপ্টেম্বরে এক বন্ধুর সাথে সফরের পরিকল্পনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
অবশেষে সুযোগ এলো নভেম্বরে। ছোট ভাই সঞ্জয় গান্ধী তার পুরোনো জাগুয়ার গাড়িটি ধার দিলেন রাজীবকে। সেই গাড়ি নিয়েই ইতালির উদ্দেশে যাত্রার সিদ্ধান্ত নিলেন তিনি।
রাজীবের সহযাত্রী হলেন এক তরুণী
ইতালি সফরে রাজীব একা ছিলেন না। তার সহযাত্রী হলেন অ্যানমারি। তিনি কেমব্রিজে সোনিয়ার বাড়িওয়ালি পিচিনা নরিসের মেয়ে।
রাজীব-সোনিয়ার সম্পর্কের ইতিহাসে পিচিনার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবার আপত্তিতে সোনিয়ার ইংল্যান্ডে ফেরার পথ যখন বন্ধ হয়ে গিয়েছিল, তখন এই ইতালীয় নারীই মাইনো পরিবারের সাথে মধ্যস্থতা করেছিলেন।
পিচিনার আশ্বাসে শেষ পর্যন্ত মেয়েকে কেমব্রিজে ফেরার অনুমতি দিয়েছিলেন স্তেফানো। সেই সময় ঠিক হয়েছিল, পিচিনার মেয়ে অ্যানমারি সুযোগ পেলে ইতালিতে মাইনো পরিবারের অতিথি হিসেবে ছুটি কাটাবেন।
রাজীবের ইতালি সফরের মধ্য দিয়ে সেই সুযোগও তৈরি হলো।
পুরোনো জাগুয়ার গাড়িতে দুজন রওনা হলেন ইতালির উদ্দেশে। রাজীবের জন্য এটি নিছক বিদেশভ্রমণ ছিল না। ভালোবাসার সম্পর্ককে পারিবারিক স্বীকৃতির পথে এগিয়ে নেওয়ার প্রথম বড় পদক্ষেপও ছিল এই সফর। কিন্তু দীর্ঘ যাত্রার শেষ অংশে এসে দেখা দিল বিপত্তি।
বরফের মধ্যে বিকল হয়ে গেল গাড়ি
ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলের কুরমায়ুর। আল্পস পর্বতমালার বিখ্যাত মন্ট ব্লাঁর পাদদেশে অবস্থিত এই পাহাড়ি জনপদ। শীতের শুরুতেই এখানকার বিস্তীর্ণ অঞ্চল ঢেকে যায় বরফে।
১৯৬৬ সালের নভেম্বরের শেষ দিকে এই এলাকায় পৌঁছানোর পর রাজীবের গাড়িটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
সোনিয়াদের বাড়ি তখনো প্রায় ১৫০ কিলোমিটার দূরে। পুরোনো গাড়িটি নিয়ে আর সামনে এগোনোর উপায় ছিল না।
রাজীবের বিপদের কথা জানতে পেরে বাবার সাহায্য চাইলেন সোনিয়া।
এতদিন যে বাবা মেয়েকে রাজীবের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন, এবার তিনিই এগিয়ে এলেন সাহায্যের হাত বাড়িয়ে। বরফের মধ্যে আটকে পড়া দুই তরুণ-তরুণীকে এভাবে ফেলে রাখা যায় না- এমন অবস্থানই নিলেন স্তেফানো।
বরফঢাকা আল্পস। ছবি: সংগৃহীত
সোনিয়ার বড় বোন আনুশকার বাগদত্তা ওয়াল্টার ভিঞ্চি গাড়িটি উদ্ধারের ব্যবস্থা করলেন। বিকল জাগুয়ারসহ রাজীব ও অ্যানমারিকে নিয়ে আসা হলো অরবাসানোর একটি গ্যারেজে।
দীর্ঘ যাত্রা এবং গাড়ি মেরামতের চেষ্টায় ক্লান্ত ছিলেন রাজীব। গায়ে লেগেছিল গাড়ির গ্রিজ-কালি। তবে সোনিয়াকে দেখামাত্র হাসলেন তিনি। দীর্ঘ বিচ্ছেদের পর পরস্পরকে জড়িয়ে ধরলেন দুজন।
সেদিন রাজীবের থাকার ব্যবস্থা হলো সোনিয়াদের বাড়ির কাছেই একটি ছোট অতিথিশালায়।
পরদিন সন্ধ্যায় মাইনো পরিবারের সাথে তার আনুষ্ঠানিক পরিচয়ের আয়োজন করা হলো।
বাবার অপছন্দের পোশাকেই হাজির রাজীব
প্রথম সাক্ষাতের জন্য সোনিয়ার মা পাওলিনা মাইনো বিশেষ নৈশভোজের আয়োজন করেছিলেন। উত্তর ইতালির খাবার প্রস্তুত করা হলো। খাবার টেবিলে বিছানো হলো বাড়ির সেরা টেবিলক্লথ। সাজানো হলো সুন্দর কাচের পাত্র ও ফুল।
তবে এত আয়োজনের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ বিষয় রাজীবকে জানাতে ভুলে গিয়েছিলেন সোনিয়া।
তার বাবা জিনস পরা পছন্দ করতেন না।
রাজীব অবশ্য নিজের দৈনন্দিন পোশাকেই হাজির হলেন। পরনে জিনস, জার্সি ও জ্যাকেট। যে মানুষটির আস্থা অর্জন করতে এতটা পথ পাড়ি দিয়ে এসেছেন, তার পোশাকসংক্রান্ত অপছন্দের কথা তখনো জানতেন না তিনি।
স্তেফানো বাড়িতে ফেরার আগে পরিবারের অন্য সদস্যদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেলেন রাজীব।
আনুশকা ছিলেন বেশ চুপচাপ। ওয়াল্টার বিভিন্ন ভাষার শব্দ মিশিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছিলেন। অ্যানমারির চুলের সাজ দেখে হাসি সামলাতে হচ্ছিল সোনিয়ার ছোট বোন নাদিয়াকে।
রাজীবও নিজের জানা অল্প কিছু ইতালীয় বাক্য দিয়ে কথা বলার চেষ্টা করলেন। ধীরে ধীরে সহজ হয়ে এলো ঘরের পরিবেশ।
তবে যার সাথে দেখা করার জন্য এত আয়োজন, সেই স্তেফানো তখনো এসে পৌঁছাননি।
প্রথম সাক্ষাতেই বদলে গেল বাবার ধারণা
কাজ শেষে বাড়ি ফেরার পর সাধারণত গোসল করে পোশাক বদলাতেন স্তেফানো। কিন্তু সেদিন নিজের সেই অভ্যাসে পরিবর্তন আনলেন তিনি।
পোশাক বদলানোর আগেই চলে এলেন রাজীবের সাথে দেখা করতে। হাত বাড়িয়ে দিলেন ভারতীয় তরুণটির দিকে।
রাজীবও হাসিমুখে অভিবাদন জানালেন তাকে।
সোনিয়ার স্মৃতিচারণ অনুযায়ী, রাজীবের হাসি ও আন্তরিক আচরণ প্রথম সাক্ষাতের অস্বস্তি অনেকটাই দূর করে দিয়েছিল। দীর্ঘ যাত্রার অভিজ্ঞতা নিয়ে কথাবার্তা হলো। এরপর সবাই একসাথে নৈশভোজে যোগ দিলেন।
একসময় মেয়ের মুখে ভারতীয় তরুণের কথা শুনতেই ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন স্তেফানো। অথচ সেই তরুণের সাথে সরাসরি পরিচয়ের পর তার পূর্বধারণায় পরিবর্তন আসতে শুরু করল।
পরবর্তী সময়ে স্তেফানো তার স্ত্রী পাওলিনার কাছে রাজীব সম্পর্কে নিজের উপলব্ধির কথা জানিয়েছিলেন। ছেলেটির চোখের দিকে তাকিয়ে তার চরিত্র ও আন্তরিকতা সম্পর্কে ইতিবাচক ধারণা পেয়েছিলেন তিনি।
রাজীব যে এতটা কঠিন পথ পাড়ি দিয়ে তাদের কাছে এসেছেন, সেই ঘটনাকেও মেয়ের প্রতি তার ভালোবাসার প্রমাণ হিসেবে দেখেছিলেন স্তেফানো।
সেদিনের নৈশভোজ শেষে পরিবারের সদস্যদের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরে এসেছিল।
গাড়ি মেরামতেও সাহায্য করলেন সোনিয়ার বাবা
প্রথম সাক্ষাতের অস্বস্তি কেটে গেলেও রাজীবের সামনে তখনো একটি বাস্তব সমস্যা রয়ে গেছে। ভাইয়ের কাছ থেকে ধার নেওয়া গাড়িটি মেরামত করতে হবে। সেই গাড়ি নিয়েই আবার ইংল্যান্ডে ফিরতে হবে তাকে।
যন্ত্রপাতি নিয়ে কাজ করার প্রতি রাজীবের আগ্রহ ছিল আগে থেকেই। ওয়াল্টার ও অন্য এক বন্ধুর সাথে গাড়ির ইঞ্জিন খুলে সমস্যাটি বোঝার চেষ্টা করলেন তিনি।
তবে গাড়িটির অবস্থা দেখে স্তেফানোর সন্দেহ ছিল, সেটি আদৌ আবার চালানোর উপযোগী হবে কি না।
রাজীবের সাথে প্রেমের দিনগুলো থেকে জীবনের দীর্ঘ পথচলা- সোনিয়া গান্ধীর স্মৃতির নানা অধ্যায় নিয়ে তৈরি ফটো কম্পোজিশন। ছবি: সংগৃহীত ফটো ইলাস্ট্রেশন
শেষ পর্যন্ত তিনিই গাড়িটি তুরিনের একটি মেরামতকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করলেন। প্রায় ১০ দিনের চেষ্টায় জাগুয়ারটি আবার দীর্ঘ যাত্রার উপযোগী হয়ে উঠল।
রাজীবের এই সফরে স্তেফানোর আচরণে যে পরিবর্তন দেখা যাচ্ছিল, তা সোনিয়ার জন্যও ছিল তাৎপর্যপূর্ণ।
কেমব্রিজে পড়তে যাওয়ার অনুমতি আদায়ের সময় এই মানুষটির সাথে তাকে দীর্ঘ লড়াই করতে হয়েছিল। অথচ এবার রাজীবের বিপদে সাহায্য করা থেকে শুরু করে গাড়ি মেরামতের ব্যবস্থা- সবকিছুতেই সক্রিয়ভাবে পাশে দাঁড়িয়েছিলেন তিনি।
তবে রাজীবকে একজন ভালো মানুষ হিসেবে গ্রহণ করা আর নিজের মেয়ের সাথে তার বিয়েতে সম্মতি দেওয়া এক কথা নয়।
বাবার পড়ার ঘরে সেই বহুল প্রতীক্ষিত বৈঠক
ইতালিতে আসার মূল উদ্দেশ্য তখনো পূরণ হয়নি রাজীবের। সোনিয়ার পরিবারের সাথে পরিচয় হয়েছে। তাদের আতিথেয়তা পেয়েছেন। স্তেফানোর সাথে প্রাথমিক দূরত্বও অনেকটা কমে এসেছে। কিন্তু যে প্রশ্নটি নিয়ে এতটা পথ পাড়ি দিয়েছেন, সেটি এখনো সরাসরি তোলা হয়নি।
অবশেষে এক রোববার দুপুরের খাবারের পর সেই সুযোগ এলো।
স্তেফানোর পড়ার ঘরে বসলেন রাজীব ও সোনিয়া। ভাষাগত ব্যবধান থাকায় বাবা ও রাজীবের কথাবার্তা অনুবাদের দায়িত্ব নিলেন সোনিয়া নিজেই।
এ এক অদ্ভুত পরিস্থিতি। একদিকে বাবা, অন্যদিকে ভালোবাসার মানুষ। নিজের ভবিষ্যৎ নিয়ে দুজনের মধ্যে যে আলোচনা হতে যাচ্ছে, তার প্রতিটি কথাই এক ভাষা থেকে অন্য ভাষায় পৌঁছে দিতে হবে সোনিয়াকে।
মাইনো পরিবারের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে অবশেষে বিয়ের প্রসঙ্গ তুললেন রাজীব।
তিনি চেয়েছিলেন, সোনিয়া ভারতে গিয়ে কিছুদিন থাকুন। কাছ থেকে দেখুন দেশটির সংস্কৃতি, জীবনযাত্রা ও তার পরিবারকে। সবকিছু জেনে-বুঝে এবং বাবা-মায়ের সম্মতি নিয়েই তারা বিয়ে করবেন।
রাজীবের প্রস্তাব শুনলেন স্তেফানো।
ছেলেটির আন্তরিকতা নিয়ে তার আগের সংশয় অনেকটাই কেটে গেছে। কিন্তু মেয়ের বয়স, দুই দেশের বিপুল দূরত্ব এবং সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির মধ্যে একটি সংসার গড়ে তোলার বাস্তবতা তখনো ভাবাচ্ছিল তাকে।
শেষ পর্যন্ত মেয়ের বিয়ের বিষয়ে এমন একটি শর্ত দিলেন স্তেফানো, যা রাজীব-সোনিয়াকে আবারও দীর্ঘ অপেক্ষার সামনে দাঁড় করিয়ে দিল।
প্রেমিকার বাবার মন জয়ের পরীক্ষায় অনেকটাই সফল হয়েছিলেন রাজীব। কিন্তু ভালোবাসার চূড়ান্ত স্বীকৃতি পেতে তখনো বাকি ছিল সময়ের পরীক্ষা।
পরের পর্বে: বিয়ের জন্য বাবার একুশ বছরের শর্ত, রাজীব-সোনিয়ার দীর্ঘ বিচ্ছেদ ও অপেক্ষার গল্প।
গ্রন্থনা: যোবায়ের আহমদ।


