...|...|...

রাজনীতি

হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন গণতন্ত্র নিরাপদ নয়: হুইপ দুলু

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, রাত ৮:২২
Shares
হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন গণতন্ত্র নিরাপদ নয়: হুইপ দুলু

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতদিন পর্যন্ত পলাতক শেখ হাসিনা বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। আওয়ামী লীগের নৈরাজ্য, অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া যাবে না। যেকোনো অপশক্তি প্রতিহত করতে তিনি সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী।

সমাবেশে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনা নাকি ১৬ ডিসেম্বরে আসবেন। আসলে একটা নাটক করবেন। উনি কীভাবে উঠবেন প্লেনে? উনি প্লেনে উঠতে পারবে না। কারণ তিনি বাংলাদেশের বিচারে খুনি ও কনভিক্টেড। কোনও খুনি তো প্লেনে উঠতে পারেন না। তার তো পাসপোর্ট নেই। সেটি বাতিল হয়ে গেছে। সে জন্য বাংলাদেশ তাকে ভারত সরকারের কাছে ফেরত চাইছে। আইন অনুযায়ী, ভারত সরকার একজন আসামিকে গ্রেফতার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। পরে তার ফাঁসি বা সাজা কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, আজকে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে নেতাকর্মীদের ঘরছাড়া করেছে। পরে তিনি আসবেন না এবং তখন বলবেন যে, আমাকে যেতে দিল না। তিনি আওয়ামী লীগের কর্মীদের আবারও হতাশ করবে। সে জন্য বলি, আওয়ামী লীগ ও শেখ হাসিনা যতদিন থাকবে বাংলাদেশের মানুষ ততদিন শান্তিতে থাকতে পারবে না।

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে হুইপ দুলু বলেন, গণঅভ্যুত্থান তথা ৫ আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। তিনি উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ সরকারে এবং ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী বিরোধী দলে রয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধানমন্ত্রী ও তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

গোপালগঞ্জ ও মাদারীপুরের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়েও বক্তব্য দেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, সেখানে থানা, উপজেলা পরিষদ ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে। তবে বিএনপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না বলে দাবি করেন তিনি।

দুলু বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এলাকার সংসদ সদস্য ও সাধারণ মানুষকে সাথে নিয়ে রাস্তায় পাহারার ব্যবস্থা করা হয়েছে, যাতে অগ্নিসন্ত্রাস ও ককটেল হামলার মতো ঘটনা চিরতরে নির্মূল করা যায়।