...|...|...

রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টিকর্তা আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন: ব্যারিস্টার আরমান

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, রাত ২:১৯
Shares
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টিকর্তা আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন: ব্যারিস্টার আরমান

বক্তব্য দেন সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টিকর্তা আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান)।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান না ঘটলে অন্ধকার ঘরেই আমার জীবন শেষ হতো। জুলাইয়ের মাধ্যমে সৃষ্টিকর্তা আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত দুই দিনব্যাপী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আরমান বলেন, সবার কাছে জুলাই এজেন্ডা হলে হতে পারে, আমার কাছে জুলাই হচ্ছে জীবন। এই জুলাইয়ের মাধ্যমে সৃষ্টিকর্তা আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। না হলে তো সেই অন্ধকার ঘরেই আমার জীবন শেষ হতো।

তিনি আরও বলেন, আজকে মুগ্ধর মা, জাবিরের মায়ের বুক খালি করে আমি আমার মায়ের বুকে ফিরে এসেছি। শত শত সন্তানের বাবা হারিয়ে আজকে আমার সন্তানেরা তাদের বাবাকে ফিরে পেয়েছে। অনেক জীবনের আত্মদানের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনর্জীবন পেয়েছে। আমরা যারা এই জুলাইয়ের কারণে জীবন পেলাম, আমরা যেন বাকি জীবনের প্রতিটি দিন এই শহীদদের স্মরণের জন্য কাটিয়ে দিতে পারি।

জুলাই জাদুঘরের কথা তুলে ধরে তিনি বলেন, যে ফ্যাসিবাদের নির্যাতনে আমরা নির্যাতিত, সেই ফ্যাসিবাদকে যেন আমাদের পরবর্তী প্রজন্ম চিনতে পারে, সেই পাঠশালা হিসেবে এই জুলাই জাদুঘরকে যেন আমরা রেখে দিতে পারি।

উল্লেখ্য, ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী জুলাই শহীদদের স্মৃতিস্মারক নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছিল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেখানে ৫৯০ জন শহীদের প্রায় দেড় হাজার স্মৃতিস্মারক প্রদর্শিত হয়।