এক টুকরো চকলেট অনেকের মন ভালো করে দিতে পারে। কারও পছন্দ ডার্ক চকলেট, কেউ আবার মিল্ক বা হোয়াইট চকলেট খেতে ভালোবাসেন। স্বাদের বৈচিত্র্য আর জনপ্রিয়তার কারণে ছোট-বড় সবার কাছেই চকলেটের রয়েছে আলাদা আবেদন।
চকলেটপ্রেমীদের জন্য আজ ২৯ নভেম্বর বিশেষ দিন। যুক্তরাষ্ট্রে আজ পালিত হচ্ছে ‘ন্যাশনাল চকোলেটস ডে’। চকলেটের প্রতি মানুষের ভালোবাসা উদ্যাপনে প্রতিবছর দিনটি পালন করা হয়। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অনানুষ্ঠানিক দিবস।
দিনটি উপলক্ষে অনেকে নিজের পছন্দের চকলেট খেয়ে উদ্যাপন করেন। কেউ আবার প্রিয়জনকে চকলেট উপহার দেন কিংবা নতুন কোনো স্বাদের চকলেট চেখে দেখেন।
চকলেটের ইতিহাস
চকলেটের ইতিহাস কয়েক হাজার বছরের পুরোনো। মধ্য আমেরিকার প্রাচীন সভ্যতাগুলোতে কোকো বীজ থেকে তৈরি পানীয় পান করার প্রচলন ছিল। মায়া সভ্যতার মানুষও কোকো ব্যবহার করত।
তবে সে সময়ের চকলেট আজকের মতো মিষ্টি বা শক্ত খাবার ছিল না। এটি ছিল তেতো স্বাদের একধরনের পানীয়, যার সাথে বিভিন্ন মসলা মেশানো হতো।
পরবর্তী সময়ে ইউরোপে কোকো জনপ্রিয় হয়ে ওঠে। সেখানে পানীয়টির সাথে চিনি ও অন্যান্য উপাদান যোগ করা শুরু হয়। প্রযুক্তির উন্নতির সাথে সাথে কোকো প্রক্রিয়াজাত করার পদ্ধতিতেও পরিবর্তন আসে।
একপর্যায়ে পানীয়ের পাশাপাশি তৈরি হতে শুরু করে শক্ত চকলেট। ধীরে ধীরে তা বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পায়। বর্তমানে নানা স্বাদ ও ধরনের চকলেট মানুষের পছন্দের খাবারের তালিকায় বিশেষ জায়গা করে নিয়েছে।

