আর্থিক লেনদেন নিয়ে কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর লক্ষ্মীপুরের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদফতরের এক দফতেরাদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
দফতরাদেশে বলা হয়, ভিডিওটি গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৮২-এর ১৪১ (১) নম্বর বিধির অধীনে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই বিধি অনুযায়ী নুরুল আমিনকে বিউবোর চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
এর আগে রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ভিডিওর কিছু অংশে নুরুল আমিনকে বলতে শোনা যায়, একটি বিলের বিনিময়ে তিনি দুই কোটি টাকার কমে রাজি হবেন না। প্রয়োজনে চেয়ারম্যানের কাছে যাওয়ার কথাও তিনি বলেন।
তিনি আরও বলেন, ৩ লাখ টাকার কাজে ৩০ লাখ টাকার মালামাল দেখানো হয়েছে। হিসাব করলে প্রায় ৫ কোটি টাকার মালামাল আত্মসাৎ হয়েছে বলে দাবি করেন তিনি। ওই টাকা থেকে দুই কোটি দিলে তিনি সব কাগজে সই করে দেবেন, এমন কথাও তাকে বলতে শোনা যায়।
ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা নিতে দেখা গেছে। তবে ওই ব্যক্তিদের মুখ দেখা যায়নি এবং তাদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।


