‘সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন’-নিজের এমন মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে এমন পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সমাজের ভালো মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার জানান, ভোলার তজুমদ্দিন উপজেলায় নিজ সংসদীয় আসনে বুধবার এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যে মন্তব্য করেছিলেন, তা আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের প্রেক্ষাপটেই করেছেন। তার আশা, বর্তমান সরকারের আমলে সেই পরিস্থিতির অবসান হবে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার সবেমাত্র ক্ষমতায় এসেছে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু তারা তা নেয়নি। নির্বাচন ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে।
আগামী নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্য থেকে বোঝা যায়, আগামী নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া উচিত।
স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের সাথে জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগের প্রধান ক্ষেত্র এটি। আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তবে বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে জানিয়ে স্পিকার বলেন, ইতোমধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে।
ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জেলাটিতে আরও বিপুল পরিমাণ গ্যাসের মজুত রয়েছে বলে তারা আশা করছেন। এসব গ্যাস কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে বিদেশের সাথে যোগাযোগ চলছে বলেও জানান তিনি।
তার মতে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় সম্ভাবনা রয়েছে ভোলার গ্যাসসম্পদকে ঘিরে। এই গ্যাসের সুফল পাওয়া ভোলাবাসীর ন্যায্য অধিকার বলেও মন্তব্য করেন স্পিকার।
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর এবং ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


