ভারতের সাথে বাংলাদেশের কোনো দাসত্ব বা স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়, বরং দুটি সার্বভৌম রাষ্ট্রের মতো সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্পিকার।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আশা করব ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখা দরকার। কিন্তু এখন পর্যন্ত তারাও যে সুসম্পর্ক চায়, তেমন কিছু দেখা যাচ্ছে না। কেবল দুই দেশের কূটনৈতিক পর্যায় থেকে কথাবার্তা চালাচালি হচ্ছে।’
আওয়ামী লীগ আমলের সম্পর্কের সমালোচনা করে তিনি বলেন, ‘অতীতে তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ভারত-বাংলাদেশের সম্পর্ক নাকি স্বামী-স্ত্রীর মতো। আমরা সেই সম্পর্ক চাই না। আমরা চাই দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে সমমর্যাদা ও সৎ প্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।’
সম্প্রতি অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশ সঠিক মূল্যায়ন পায়নি দাবি করে স্পিকার বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীকে একজন সরকারপ্রধান হিসেবে সেখানে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ জানানো হয়নি।’
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে রাজনৈতিক আশ্রয়ের সুযোগ দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্পিকার। তিনি বলেন, পতিত সরকারের প্রধানকে ভারতে আশ্রয় দেওয়া এবং সেখান থেকে রাজনীতি করার সুযোগ দেওয়া কোনো সৎ প্রতিবেশীসুলভ আচরণের মধ্যে পড়ে না।


