...|...|...

সারাদেশ

৪ হাজার টাকায় কিনে শিশুর সাইকেল ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, রাত ১২:৩৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, রাত ৮:৩৩
Shares
৪ হাজার টাকায় কিনে শিশুর সাইকেল ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা

ছবি: টাইমস টুডে

অভাবের তাড়নায় কিস্তির টাকা পরিশোধ করতে নিজের পঞ্চম শ্রেণির পড়ুয়া ছেলে জিসান শেখের শখের সাইকেল বিক্রি করে দেন এক রিকশাচালক বাবা। সাইকেল হারানোর কষ্টে বাবা-ছেলের কান্নায় ভারী হয়ে ওঠে রাজবাড়ীর পুরাতন রিকশা-বাইসাইকেল হাটের পরিবেশ। 

 বিষয়টি জানতে পেরে মানবিক উদ্যোগে সাইকেলটি কেনার পর আবারও শিশুটির হাতে তুলে দেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমান।

রবিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে রাজবাড়ী পৌর শহরের পুরাতন রিকশা-বাইসাইকেল হাটে এ ঘটনা ঘটে।

জানা যায়, পাংশা উপজেলার বাবুপাড়া গ্রামের বাসিন্দা মো. রিপন শেখ বর্তমানে রাজবাড়ী পৌর শহরের ফুলতলা এলাকায় বসবাস করেন। রিকশা চালিয়ে সংসার চালান তিনি। তবে কয়েক দিনের টানা বৃষ্টিতে কাজ বন্ধ থাকায় পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়েন তিনি। একপর্যায়ে কিস্তির টাকা পরিশোধের জন্য বাধ্য হয়ে ছেলে জিসানের প্রিয় সাইকেলটি বিক্রি করার সিদ্ধান্ত নেন।

প্রায় সাত মাস আগে একটি মুসলমানি অনুষ্ঠানে নানাবাড়ি থেকে উপহার হিসেবে সাইকেলটি পেয়েছিল জিসান। এরপর থেকেই এটি তার কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে।

রবিবার সকালে পুরাতন বাইসাইকেল হাটে ৪ হাজার টাকায় সাইকেলটি বিক্রি করেন রিপন শেখ। মাহিন শেখ নামে এক ব্যক্তি সাইকেলটি কিনে নেন। তবে সাইকেল নিয়ে যাওয়ার সময় প্রিয় জিনিস হারানোর কষ্টে কান্নায় ভেঙে পড়ে জিসান ও তার বাবা। তাদের কান্না দেখে উপস্থিত মানুষও আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে হাটের ব্যবসায়ী ও স্থানীয়রা ক্রেতা মাহিন শেখের সঙ্গে যোগাযোগ করে সাইকেলটি ফেরত দেওয়ার অনুরোধ জানান। মানবিকতার পরিচয় দিয়ে তিনিও সাইকেলটি ফেরত দিতে রাজি হন।

ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি খবর পেয়ে হাটে ছুটে আসেন এবং নিজের অর্থে ৪ হাজার টাকা দিয়ে সাইকেলটি কিনে আবার জিসানের হাতে তুলে দেন।

সাইকেল ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলে জিসান। কিছুক্ষণ আগেও যে শিশুটি প্রিয় সাইকেল হারানোর কষ্টে কাঁদছিল, মুহূর্তেই তার মুখে ফুটে ওঠে হাসি।

জিসান বলে, সাইকেলটা আমার খুব প্রিয় ছিল। বিক্রি হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছিলাম। আবার ফিরে পেয়েছি, আমি খুব খুশি। আমি মন দিয়ে পড়াশোনা করে বড় মানুষ হতে চাই।

জিসানের বাবা মো. রিপন শেখ বলেন, অভাবের কারণে ছেলের শখের সাইকেল বিক্রি করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। রোমান ভাই বিষয়টি জানতে পেরে সাইকেলটি আবার কিনে আমাদের ছেলেকে ফিরিয়ে দিয়েছেন। এই উপকার কোনোদিন ভুলব না।

আরিফুল ইসলাম রোমান বলেন, একজন বাবার অসহায়ত্ব আর একটি শিশুর কান্না আমাকে নাড়া দিয়েছে। একটি শিশুর মুখে হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত। সামর্থ্যবান মানুষগুলো অসহায়দের পাশে দাঁড়ালে অনেক পরিবারের কষ্ট কমানো সম্ভব।

ঘটনাটি দেখে হাটের ব্যবসায়ী ও সাধারণ মানুষ রোমানের এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, চার হাজার টাকা হয়তো অনেকের কাছে সামান্য, কিন্তু একটি শিশুর কাছে তার প্রিয় সাইকেল ফিরে পাওয়া ছিল অনেক বড় আনন্দের বিষয়।