পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নে অসহায় ও দরিদ্র দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু আহমেদ রাজা। নিজস্ব অর্থায়নে ঘর নির্মাণের জন্য পরিবার দুটিকে বিনামূল্যে টিন সহায়তা দিয়েছেন তিনি। এতে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে বসবাস করা পরিবার দুটির মাঝে স্বস্তি ফিরেছে।
সম্প্রতি টিকিকাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঘরামী বাড়ির বাসিন্দা দিনমজুর সিদ্দিক ঘরামী ও দুলাল ঘরামীর পরিবারের হাতে এসব টিন তুলে দেওয়া হয়।
জানা গেছে, পরিবার দুটির আয়ের প্রধান উৎস দিনমজুরি। সীমিত আয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয় তাদের। ফলে নষ্ট হয়ে যাওয়া ঘর মেরামত কিংবা নতুন করে ঘর নির্মাণের সামর্থ্য ছিল না।
দুলাল ঘরামীর স্ত্রী প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে দিনমজুরি করে সংসার চালান তিনি। প্রয়োজনীয় সংস্কার করতে না পারায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছিল পরিবারটিকে। এমন পরিস্থিতিতে রাজু আহমেদ রাজার দেওয়া টিন সহায়তা তাদের জন্য বড় উপকার হয়েছে বলে জানান স্থানীয়রা।
উপকারভোগী দুলাল ঘরামী বলেন, আমার স্ত্রী প্রতিবন্ধী। আমরা খুব অসহায়। টিন কিনে ঘরের ছাউনি দেওয়ার সামর্থ্য আমাদের ছিল না। অনেক রাত বৃষ্টিতে ভিজে কাটাতে হয়েছে। এই সহায়তা পেয়ে আমরা অনেক খুশি।
স্থানীয়রা জানান, শুধু টিন বিতরণ নয়, ব্যক্তিগত উদ্যোগে এলাকার মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন রাজু আহমেদ রাজা। এর মধ্যে টিকিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে হিন্দু সম্প্রদায়ের ১৪টি পরিবারের চলাচলের সুবিধার্থে প্রায় ১২০ ফুট ইটসলিং রাস্তা নির্মাণ, পাঁচশতকুড়া বাজারের সামনের খাল থেকে কচুরিপানা অপসারণ, রায়ের বাজার এলাকায় পথচারীদের জন্য ডিপ টিউবওয়েল স্থাপন এবং বিভিন্ন স্থানে বালু ভরাট করে রাস্তা সংস্কারের কাজ উল্লেখযোগ্য।
টিকিকাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, রাজু আহমেদ রাজা এলাকার অসহায় ও দরিদ্র মানুষের সমস্যাগুলো খোঁজ নিতে আমাদের বলেছেন। এরই ধারাবাহিকতায় সিদ্দিক ঘরামী ও দুলাল ঘরামীর পরিবারকে ঘর নির্মাণের জন্য টিন দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের আর্থিক সহায়তাও করা হয়েছে।
রাজু আহমেদ রাজা বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। ভবিষ্যতেও এলাকার মানুষের প্রয়োজন অনুযায়ী মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

