...|...|...

খেলা

১৬ বছরের বিস্ময়বালককে নিয়ে রিয়ালের বড় চমক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৭
Shares
১৬ বছরের বিস্ময়বালককে নিয়ে রিয়ালের বড় চমক

জেজে গ্যাব্রিয়েল। ছবি: সংগৃহীত

ইউরোপের তরুণ ফুটবল প্রতিভাদের দলে ভেড়ানোর দৌড়ে এবার এগিয়ে রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার ইউনাইটেডের কিশোর ফুটবলার জেজে গ্যাব্রিয়েলকে দলে নিতে নীতিগতভাবে মৌখিক সমঝোতায় পৌঁছেছে স্প্যানিশ জায়ান্টরা। ২০২৭ সালে তার বার্নাব্যুতে পাড়ি জমানোর সম্ভাবনা তৈরি হলেও এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। ফলে শেষ পর্যন্ত দলবদলের গন্তব্য বদলে যাওয়ার সুযোগও রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) স্কাই স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাব্রিয়েলকে দলে পেতে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলেও তাকে পাওয়ার দৌড়ে রয়েছে আরও কয়েকটি ইউরোপীয় ক্লাব। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট-জার্মেই তার পরিস্থিতির ওপর নজর রাখছে। বিশেষ করে বায়ার্নের পক্ষ থেকে খেলোয়াড়টির প্রতিনিধিদের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন গ্যাব্রিয়েল। ওই বছরই তার সম্ভাব্য দলবদল সম্পন্ন হওয়ার আলোচনা চলছে। তার ইউরোপীয় ইউনিয়নের পাসপোর্টও এই স্থানান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে ইউরোপের মূল ভূখণ্ডের কোনো ক্লাবে যোগ দেওয়ার প্রক্রিয়া সহজ হবে।

ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমির অন্যতম প্রতিভাবান খেলোয়াড় হিসেবে পরিচিত গ্যাব্রিয়েল। বয়সভিত্তিক পর্যায়ে তার পারফরম্যান্স ইতোমধ্যে নজর কেড়েছে ইউরোপের বড় ক্লাবগুলোর। আক্রমণভাগের একাধিক পজিশনে খেলার সামর্থ্য রয়েছে তার। বল নিয়ন্ত্রণ, কারিগরি দক্ষতা ও সৃজনশীলতার কারণে তাকে ভবিষ্যতের সম্ভাবনাময় ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তরুণ প্রতিভা তুলে এনে ভবিষ্যতের তারকা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে বেশ সক্রিয় রিয়াল মাদ্রিদ। প্রতিষ্ঠিত খেলোয়াড়দের পাশাপাশি সম্ভাবনাময় তরুণদের দলে নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের। গ্যাব্রিয়েলকে পাওয়ার আগ্রহ সেই দীর্ঘমেয়াদি পরিকল্পনারই অংশ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, নিজেদের একাডেমিতে গড়ে ওঠা এমন প্রতিভাবান খেলোয়াড়কে হারানো ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য বড় ধাক্কা হতে পারে। তবে এখনই তার দল ছাড়ার বিষয়টি নিশ্চিত নয়। কারণ রিয়ালের সাথে আনুষ্ঠানিক চুক্তি না হওয়া পর্যন্ত অন্য ক্লাবগুলোর জন্যও প্রতিযোগিতায় ফেরার সুযোগ থাকছে। শেষ পর্যন্ত কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে ইংল্যান্ডের এই বিস্ময়বালককে, সেটিই এখন দেখার বিষয়।