...|...|...

সারাদেশ

হিলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১ জুলাই ২০২৬, বিকেল ৩:১১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, বিকেল ৪:৫১
Shares
হিলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ছবি : সংগৃহীত

সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতেও নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা প্রতিরোধে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল থেকেই হিলির এলএসডি গুদাম মোড়ে অবস্থিত সাবেক ছাত্রলীগ কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

একইসঙ্গে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও সার্বক্ষণিক নজরদারিতে দায়িত্ব পালন করছেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কিংবা আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা চালালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত হিলিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠনের পক্ষ থেকে কোনো মিছিল, সমাবেশ কিংবা কর্মসূচি পালনের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে হিলির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।