হরমুজ প্রণালীর প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের একটি নৌ-ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস নেভি (আইআরজিসি নৌবাহিনী)। ইরান জানিয়েছে, মার্কিন নৌযানটির ‘আক্রমণাত্মক মিশন’ ব্যর্থ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসী ও আগ্রাসী বাহিনী’ সাম্প্রতিক দিনগুলোতে ইরানি বাহিনীর মুখোমুখি হওয়ার আশঙ্কায় হরমুজ প্রণালীতে চালকবিহীন নৌযান মোতায়েন করেছে।
বিবৃতিতে বলা হয়, কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথের প্রবেশমুখে শত্রুপক্ষের একটি চালকবিহীন নৌযানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। নৌযানটির হাল নম্বর ছিল ৫৮৩৮। হামলার মাধ্যমে সেটির ‘আগ্রাসী মিশন’ ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
আইআরজিসি আরও জানিয়েছে, হরমুজ প্রণালী তাদের ‘বুদ্ধিদীপ্ত নিয়ন্ত্রণ ও গোয়েন্দা নজরদারির’ আওতায় রয়েছে। এই কৌশলগত জলপথে যেকোনো শত্রুপক্ষের উপস্থিতিকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করেছে ইরানের এই বাহিনী।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, তাদের পরিচালিত একটি ডুবো ড্রোন যান্ত্রিক সমস্যায় পড়েছিল। ওই ড্রোনটি চলমান অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট জলসীমায় জরিপ কার্যক্রম চালাচ্ছিল বলে জানায় মার্কিন বাহিনী।


