স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের শেষ বিদায়ে অংশ নেওয়ার পর আবারও মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে দীপু মনিকে বহনকারী পুলিশের প্রিজনভ্যান মুন্সিগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়। পরে পুলিশি নিরাপত্তায় তাকে কারাগারের ভেতরে নেওয়া হয়।
এর আগে মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোর ৬টা ১৫ মিনিটে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান দীপু মনি। মুক্তি পাওয়ার পর তিনি স্বামীর শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেন।
জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা যান। এরপর তার মেয়ের পক্ষ থেকে দীপু মনির জন্য চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। তবে প্রশাসন ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেয়।
উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


