স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংসদে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চান। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদসহ স্থানীয় সরকারের যেসব নির্বাচন হওয়ার কথা ছিল, সেগুলো কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।
রুমিন ফারহানা আরও বলেন, বিভিন্ন জেলায় জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং এসব নিয়োগ দলীয় বিবেচনায় হয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, দেশের মানুষ দীর্ঘদিন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করেছে। সরকার গঠনের প্রায় চার মাস পেরিয়ে গেলেও স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে এখনো স্পষ্ট কোনো ঘোষণা পাওয়া যায়নি।
জবাবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। তবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি সবাইকে আশ্বস্ত করতে চান যে, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা সিদ্ধান্তে একমত হয়েছি। সেই সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।”


